নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধভাবে দুই হাজার লিটার সয়াবিন তেল মজুদ করায় গুদাম সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাবের যৌথ অভিযান গুদামটি সিলগালার নির্দেশ দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, উপজেলার তারাবো এলাকায় বিজিবি ও র্যাবের যৌথ দল রাজু ও খোরশেদ নামক দুই ব্যক্তির গুদামে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুদকৃত মোট ৯ ব্যারেলে প্রায় দুই লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। স্থানীয় বাজার থেকে খোলা সয়াবিন তেল সংগ্রহ করে অবৈধভাবে মজুদ, বোতলজাত করণ এবং 'বন্ধন প্লাস' ও 'বিসমিল্লাহ' নামক স্টিকার লাগিয়ে বাজারজাতকরণের প্রমাণ পাওয়া যায়।
খবর পেয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজানুল হক সেখানে উপস্থিত হন। তিনি তাৎক্ষণিকভাবে গুদামটি সিলগালা করার নির্দেশ দেন। অবৈধভাবে মজুদকৃত তেল এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
সময়ের আলো/আআ