প্রকাশ: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৫:২২ পিএম আপডেট: ১০.০৪.২০২৬ ৫:২৩ পিএম
নন্দকুজা নদীকে দখল-দুষণমুক্ত করার দাবি। ছবি : সময়ের আলো নাটোরের গুরুদাসপুরে নন্দকুজা নদীকে দখল-দুষণমুক্ত করার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর সদরের চাঁচকৈড় নতুন গো-হাঁটা সংলগ্ন নন্দকুজা নদীতে ফেলা ময়লা আবর্জনার ওপর দাঁড়িয়ে পরিবেশ কর্মী ও এলাকাবাসী প্রতিবাদ জানায়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নদী রক্ষা আন্দোলন কমিটির আহ্বায়ক সাংবাদিক আলী আক্কাছ, উপজেলা সচেতন নাগরিক ফোরামে আহ্বায়ক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম, জীবন সঙ্গী ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম, প্রতিভা যুব উন্নয়ন সংস্থার সভাপতি রাশিদুল ইসলাম, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ইমাম হাসাইন পিন্টু প্রমুখ।
রাশিদুল ইসলাম বলেন, নদী প্রবহমান নন্দকুজার ঢেউ ছিল, ইলিশসহ প্রচুর মাছ ছিল, কুমির ছিল, ছিল জীববৈচিত্র্য। এখন দখল-দূষণে সেই নদীকে সংকুচিত করা হয়েছে। পৌরসভার ময়লা আবর্জনা ফেলার কারণে নদীটি ভাগাড়ে পরিণত হয়েছে। নদী রক্ষার্থে অনতিবিলম্বে সুস্থ ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানানো হয়।
আক্কাছ বলেন, গুরুদাসপুর পৌরসভায় ময়লা ফেলার ডাম্পিং স্টেশন না থাকায় সমস্ত আবর্জনা নন্দকুজার বুকে ফেলা হচ্ছে। দখল ও ময়লা ফেলায় নদী ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। পচা আবর্জনার দুর্গন্ধে নদীতে নামা যায় না। নদীর ওই পথ দিয়ে যাতায়াত করাই দুষ্কর হয়ে পড়েছে।
এ ব্যাপারে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গুরুদাসপুর পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ বলেন, ডাম্পিং স্টেশন স্থাপনের জায়গা পেয়েছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র পেলেই ময়লা ফেলার ডাম্পিং স্টেশন বাস্তবায়ন করা হবে।
সময়ের আলো/জোই