বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে বহিষ্কারের পর বিশ্ববিদ্যালয়ের চার স্টাফকে মারধর করে আহত করেছে এক পরীক্ষার্থীকে। বহিষ্কারের পর ওই পরীক্ষার্থীকে কন্ট্রোলরুমে আনার সময় স্টাফদেরকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই পরীক্ষার্থীকে পুলিশে সোপর্দ করেছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২১০৫ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীর মারধরে আহত হয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন স্টাফ ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য।
বহিষ্কৃত ওই পরীক্ষার্থীর নাম আহনাফ আহমেদ। তিনি বরিশাল নগরীর বাসিন্দা।
মারধরে আহতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি শাখার মো. মনিরুজ্জামান, রাসেল হোসেন, উজ্জ্বল ও লোক প্রশাসন বিভাগের অফিস সহায়ক সুজিত বালা।
আহত নিরাপত্তাকর্মী মো. মনিরুজ্জামান বলেছেন, পরীক্ষার্থীকে বহিষ্কারের পর সে উপস্থিত স্টাফ ও অন্যান্য পরীক্ষার্থীদের ওপর মারধর শুরু করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমিও সেখানে গিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে আমাকেও মারধর করেন। এতে আমার নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।
বরিশাল মহানগরের বন্দর থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শাহাব উদ্দিন বলছিলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ায় বহিষ্কার পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফকে মারধর করে আহত করেছেন। আমাদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তুলে দিয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভর্তি পরীক্ষার বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রধান ফোকাল পয়েন্ট সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, পরীক্ষার্থীকে পুলিশে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল বলেন, আহত স্টাফদের কয়েকজন মেডিকেলে ভর্তি রয়েছেন। আরও এক নারী পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।
সময়ের আলো/জোই