ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ ও ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫–২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়।
ঘটনার পরপরই ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে। হামলাকারীরা জুলাইকে পুঁজি করে ব্যবসা করে আসছিলেন, কমিটিতে পদ না পেয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।
এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই ক্ষোভ থেকে তারা এই ঘটনা ঘটিয়েছে। জুলাই ব্যবসায়ীদেরকে এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আজকে সাধারণ মানুষের ওপর এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে জুলাই শহিদদের পরিবারের ওপর, তাদেরকে এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। এছাড়া এ ঘটনায় নবগঠিত কমিটির ১০জন আহত হয়েছে বলে জানান তিনি।
অন্য পক্ষ ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের অভিযোগ, গতকাল ঢাকা জেলা উত্তরের কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ধামরাইয়ের কালামপুরে ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন করা হবে বলে জানতে পারেন ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীরা।
তারা আরও বলেন, ২০২৪ সালে অভ্যুত্থানের পর থেকে উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় ক্ষিপ্ত হন উপজেলা কমিটির নেতা-কর্মীরা। বিকেল ৪টার দিকে কালামপুরের এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের সঙ্গে এ বিষয়ে জানতে চাইতে গেলে তাদের উপর হামলার করে।
ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইস্রাফিল ইসলাম খোকন বলেন, চলতি মাসের শুরুর দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের সময় এনসিপির সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। এতে ওই সময়েই ক্ষিপ্ত হন এ তিন শাখার নেতা-কর্মীদের অনেকে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে সে অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/জোই