আবাহনীর মধুর প্রতিশোধ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দেশের ফুটবলের চিরচেনা উত্তেজনা আর মর্যাদার লড়াইয়ে শেষ হাসি হাসল আবাহনী স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) বহুল প্রতিক্ষিত ঢাকা

2026-04-11T03:41:17+00:00
2026-04-11T03:41:17+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
আবাহনীর মধুর প্রতিশোধ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৩:৪১ এএম   (ভিজিট : ২০)
সংগৃহীত ছবি
দেশের ফুটবলের চিরচেনা উত্তেজনা আর মর্যাদার লড়াইয়ে শেষ হাসি হাসল আবাহনী স্পোর্টিং ক্লাব। বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) বহুল প্রতিক্ষিত ঢাকা ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে প্রথমপর্বের হারের মধুর প্রতিশোধ নিল আকাশি-নীল জার্সিধারীরা। আক্রমণ আর প্রতি-আক্রমণে ঠাসা এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মারুফুল হকের শিষ্যরা। এ নিয়ে লিগে তিন বছর পর সাদা-কালো জার্সিধারীদের বিপক্ষে জিতল তারা।

গতকাল কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। কিক-অফের মাত্র তিন মিনিটের মাথায় স্তব্ধ হয়ে যায় আবাহনী গ্যালারি। কর্নার থেকে সরাসরি দুর্দান্ত এক ইনসুইং শটে অলিম্পক গোলে লক্ষ্যভেদ করেন মোহামেডানের উজবেক মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভ। দুরূহ কোণ থেকে নেওয়া তার শটটি সরাসরি টপ কর্নার দিয়ে জালে জড়ালে লিড নেয় সাদা-কালো শিবির। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া আবাহনী সপ্তম মিনিটেই সুযোগ পেয়েছিল, তবে সুলেমান দিয়াবাতের পাস থেকে পাওয়া বল জালে জড়াতে ব্যর্থ হন মিরাজুল ইসলাম।

তবে সেই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১৬ মিনিটে মধ্যমাঠ থেকে এমেকা ইউজিগোর বাড়ানো বল হাসান মুরাদ হয়ে পৌঁছায় মিরাজুলের কাছে। এবার আর ভুল করেননি এই তরুণ মিডফিল্ডার, দারুণ গতিতে ডি-বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে আবাহনীকে সমতায় ফেরান। প্রথমার্ধের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুদল। বিরতির ঠিক আগে হলুদ কার্ড দেখেন মোহামেডানের রক্ষণভাগের সেনানি শাকিল আহাদ তপু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এক অনাকাক্সিক্ষত দুর্ঘটনার সাক্ষী হয় মাঠ। ৪৬ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে মোহামেডান গোলরক্ষক মিতুল মারমার সঙ্গে সংঘর্ষে মারাত্মক আঘাত পান আবাহনীর সেন্টারব্যাক হাসান মুরাদ। প্রাথমিক চিকিৎসার পর পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় তাকে মাঠ থেকে সরাসরি অ্যাম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে মুরাদের বদলি হিসেবে মাঠে নামেন সবুজ হোসাইন।
আরও পড়ুন

খেলার ৫৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিল মোহামেডান। মোরছালিনের ফ্রি-কিক থেকে ইয়াসিনের জোরালো হেডার নিশ্চিত গোলের দিকে যাচ্ছিল, কিন্তু দারুণ দক্ষতায় তা পাঞ্চ করে রক্ষা করেন আবাহনীর বদলি গোলরক্ষক সাকিব আল হাসান। এর কিছুক্ষণ পর মোরছালিনের কর্নার থেকে সবুজের নেওয়া শট বারে লেগে ফিরে এলে আবারও হতাশ হতে হয় মোহামেডান সমর্থকদের।

ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় ৬৫ মিনিটে। মোহামেডানের সাবেক তারকা এমেকার নিখুঁত ক্রস থেকে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন সুলেমান দিয়াবাতে। আবাহনীর জার্সিতে এটি ছিল দিয়াবাতের নবম গোল। ম্যাচের বাকি সময় মোহামেডান সমতায় ফেরার চেষ্টা করলেও আবাহনীর রক্ষণভাগ ছিল অটল। শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে মারুফুল হকের দল।

এই জয়ের ফলে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো আবাহনী। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে হারের বৃত্তে বন্দি থাকা মোহামেডান ১২ ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট তালিকার সপ্তম স্থানে নেমে গেছে। ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফর্টিস এফসি।

বাংলাদেশ ফুটবল লিগের আরেক ম্যাচে ফকিরেরপুর ইয়ং মেন্স ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়ার দল ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচের ৫৪ ও ৮৩ মিনিটে গোল দুটি করেন ব্রাদার্সের পাকিস্তানি রিক্রুট শায়াখ।

এএডি/

Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: