দীর্ঘ এক দশক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত গ্রেফতার এড়াতে পারলেন না এক পলাতক আসামি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মোরশেদ। তবে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হয় পুলিশ সদস্যরা।
আরও পড়ুন
পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ডাকাতি, চুরি এবং ডাকাতির প্রস্তুতির অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তি মুর্শিদ, যিনি মোরশেদ নামেও পরিচিত। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, ২০১৫ সালে দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং শিগগিরই তাকে আদালতে সোপর্দ করা হবে।
এএডি/