এক সময়ের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা বর্তমানে অভিনয়ে অনিয়মিত। তবে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত হাজির হন তিনি। সম্প্রতি এক পডকাস্টে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছিলেন বলে জানিয়েছেন এই নায়িকা।
সেই স্মৃতিচারণ করে তিনি জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখার পর তারেক রহমান মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছা স্বরূপ একটি চিঠি দিয়েছিলেন।
পূর্ণিমা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীদের নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।
তিনি লিখেছিলেন, এ রকম সিনেমা নিয়মিত নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে পারি, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমা সংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল।
পূর্ণিমা আরও বলেন, তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিকদের চিঠিটি দেখিয়েছিলেন।
জানা গেছে, পডকাস্টটি শনিবার (১১ এপ্রিল) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে।
সময়ের আলো/আআ