মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত ইয়াসিনকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে অন্তত ২০টি মামলা রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর দুইটায় উপজেলার আনারপুরা জেএমআই ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইয়াসিন (৪০) উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের ইম্মত আলীর ছেলে।
গজারিয়া থানা সূত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইয়াসিনকে আটক করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে পুলিশ। গোপন সূত্রে, শনিবার দুপুরে জেএমআই ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ইয়াসিন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ীদের ধরতে প্রতিদিনই এমন বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।