অধ্যাপক ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা চাওয়া ব্যক্তিদের বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
শফিকুর রহমান বলেন, অধ্যাপক ডা. কামরুল ইসলাম দেশের শুধু একজন বিশেষজ্ঞ চিকিৎসকই নন, তিনি অসহায় ও গরিবের বন্ধু। মানবিক ডাক্তার হিসেবে সর্বমহলে পরিচিত ও প্রশংসিত। দীর্ঘদিন ধরে একটি অশুভ চাঁদাবাজ চক্র রাজনৈতিক খুঁটির জোরে তার কাছে চাঁদা চেয়ে আসছিল। তিনি অবৈধ চাঁদা দিতে বরাবরই অপারগতা প্রকাশ করেন। শেষ পর্যন্ত চাঁদাবাজরা এমন একজন জ্যেষ্ঠ, প্রথিতযশা, মানবিক চিকিৎসককেও সম্মান দেখাতে ব্যর্থ হলো। তার সঙ্গে গর্হিত আচরণ করলো।
এ রকম অধ্যাপক কামরুলদের সামাজিক সেবা থেকে কারা জনগণকে বঞ্চিত করছে, তা দিবালোকের মতোই পরিষ্কার উল্লেখ করে জামায়াত আমির বলেন, এ দুষ্টুদের কঠোর হস্তে দমন করা সময়ের দাবি, জনতার দাবি। আমরা এ দাবির দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই।
অধ্যাপক কামরুলের জন্য দোয়া কামনা করে শফিকুর রহমান বলেন, আল্লাহ তাআলা তার মর্যাদা আরও বাড়িয়ে দিন এবং দুষ্টু চক্রকে তাদের পাওনা বুঝিয়ে দিন। আমিন।
সময়ে আলো/আআ