হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থামেছেই না। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হাম আক্রান্ত এবং রোগের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে সরকারি হিসেবে গত ২৯ দিনে হাম সন্দেহে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫১ জনে। আর এখন পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৮ শিশুর।
রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ পাওয়া গেছে ১৫ হাজার ৬৫৩ জনের শরীরে। আর এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন। আর এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ২ হাজার ৬৩৯ জনের শরীরে।
এছাড়া এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৬৫৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। একই সময়ে জেলার তালিকাতেও রাজশাহী সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামে যে চার শিশুর মৃত্যু হয়েছে, তারা সবাই ঢাকার। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ছয় শিশুর পাঁচটি ঢাকা বিভাগের, একটি খুলনার।
এই সময়ে সর্বোচ্চ ১২৩ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ২১ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর সবচেয়ে কম ১ জন করে হাম রোগী শনাক্ত হয়েছে চট্টগ্রাম ও সিলেটে।
স্বাস্থ্য অধিদফতর বলছে, শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২৬৮ জনের মধ্যে। এর মধ্যে ৫৮০ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬২ জন, যার মধ্যে ৩৫৭ জনই ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর (১১) ও ময়মনসিংহে (২২)।
এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৬৩৪ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩১২ জন ও চট্টগ্রাম বিভাগে ১২০ জন হাসপাতাল ছেড়েছেন।
এফআর