কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিনের অদূরবর্তী গভীর সাগরে আন্তর্জাতিক জলসীমা থেকে ভাসমান অবস্থায় রোহিঙ্গাসহ ৯ জনকে জীবিত উদ্ধার করেছে একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ।
পরে তাদের বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড কক্সবাজার স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১ জন নারী ও ৮ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে ৩ জন রোহিঙ্গা এবং ৬ জন বাংলাদেশি নাগরিক।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৯ এপ্রিল ভোরে চট্টগ্রাম বন্দর সংলগ্ন এলাকা থেকে ‘এমটি মেঘনা প্রাইডথ নামের একটি বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে।
একই দিন দুপুর ১টার দিকে সেন্টমার্টিন উপকূল থেকে আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন গভীর সাগরের আন্তর্জাতিক জলসীমায় পানির ড্রাম ও কাঠের টুকরো আঁকড়ে ধরা ৯ জনকে ভাসতে দেখে জাহাজটির ক্রুরা। পরে তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে জাহাজে তোলা হয়।
পরবর্তীতে শনিবার (১১ এপ্রিল) ভোররাতে জাহাজটি বাংলাদেশি জলসীমায় পৌঁছালে কোস্ট গার্ডকে অবহিত করা হয়। পরে কোস্ট গার্ডের জাহাজ ‘ক্যাপ্টেন মনসুর আলীথর নাবিকদের কাছে উদ্ধার হওয়া ব্যক্তিদের হস্তান্তর করা হয়।
উদ্ধারকৃতদের কোস্ট গার্ডের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা ও খাদ্যসহ প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। পরে শনিবার বিকেলে তাদের স্বজনদের কাছে হস্তান্তরের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করতে টেকনাফ থানায় সোপর্দ করা হয়।
প্রাথমিকভাবে কোস্ট গার্ড ধারণা করছে, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবি বা অন্য কোনো কারণে এসব ব্যক্তিদের সাগরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কোস্ট গার্ডের তৎপরতা অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জোই