আগামী ২০ এপ্রিল তারেক রহমান তার পৈত্রিক ভিটা বগুড়া জেলার গাবতলি উপজেলার বাগবাড়ী গ্রামে সফরে যাচ্ছেন। এই সফরকে ঘিরে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা দিয়েছে।
রোববার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান। তিনি জানান, এখনো সফরের আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ কর্মসূচি হাতে না এলেও ২০ এপ্রিল তার বগুড়া আগমনের সম্ভাবনা রয়েছে।
প্রশাসনিক সূত্র অনুযায়ী, সফরকালে তারেক রহমান বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নিতে পারেন। এরপর তিনি গাবতলি উপজেলার বাগবাড়ীতে তার পৈত্রিক ভিটা পরিদর্শন করবেন।
আরও পড়ুন
এছাড়া সফর-সূচিতে আরও কিছু কর্মসূচির কথা জানা গেছে। এর মধ্যে রয়েছে- তার বাবার নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন এবং স্থানীয় একটি খাল খনন প্রকল্পের সূচনা।
সফরকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের একটি প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেছে এবং প্রস্তুতি তদারকি করেছে। নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়েও নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা।
এএডি/