২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। আগামী ২ ডিসেম্বর সফরে এসে দুটি সরকারি কর্মসূচির উদ্বোধন

2026-11-28T22:41:24+00:00
2026-11-28T22:41:24+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
২ ডিসেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:৪১ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে জেলা বিএনপি। আগামী ২ ডিসেম্বর সফরে এসে দুটি সরকারি কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে জি কে সেচ প্রকল্পের খাল ও পাম্প সংস্কার কার্যক্রম এবং কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কর্মসূচি। এ সফরকে কেন্দ্র করে কুষ্টিয়া স্টেডিয়ামে প্রায় এক লাখ মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা করছে জেলা বিএনপি।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের প্রথম কর্মসূচি শুরু হবে চৌড়হাসের ঈদগাহ ময়দানসংলগ্ন জি কে খালে। সেখানে খাল ও পাম্প সংস্কার কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। এ প্রকল্পের জন্য ইতোমধ্যে ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। উদ্বোধন শেষে ঈদগাহ ময়দানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সফরের দ্বিতীয় ও প্রধান কর্মসূচি অনুষ্ঠিত হবে কুষ্টিয়া স্টেডিয়ামে। সেখানে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

জাকির হোসেন সরকার বলেন, একই সঙ্গে দেশের ৬৪টি উপজেলায় এসব কর্মসূচি উদ্বোধন করা হবে। সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও দলীয় নেতারা অনলাইনে অনুষ্ঠানে যুক্ত থাকবেন। কুষ্টিয়া স্টেডিয়ামে প্রায় এক হাজার সুবিধাভোগী উপস্থিত থাকবেন। তাদের মধ্য থেকে পাঁচজন করে প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড ও সম্মাননা গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, এটি সম্পূর্ণ সরকারি আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী এবং পরিচালনা করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব। বিএনপি নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া, কুষ্টিয়ার তিনটি আসনের বিরোধী দলের সংসদ সদস্যদেরও আমন্ত্রণ জানানো হবে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে দলীয় প্রস্তুতির বিষয়ে জেলা বিএনপির সদস্যসচিব বলেন, প্রতিদিন প্রচার-প্রচারণা, মাইকিং ও মিছিল চলছে। বিতরণ করা হচ্ছে পোস্টার। অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে এসএসএফসহ সরকারি বিভিন্ন সংস্থা।

এ দিকে, প্রধানমন্ত্রীর সফরে কুষ্টিয়ার দীর্ঘদিনের উন্নয়নসংক্রান্ত সমস্যা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরতে চায় জেলা বিএনপি। এ জন্য বন্ধ ও রুগ্ণ অবস্থায় থাকা কুষ্টিয়া চিনিকল, মোহিনী মিল এবং কুমারখালীর বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাসিলিটিজ অ্যান্ড সার্ভিসেস সেন্টার চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

মোহিনী মিল প্রসঙ্গে জাকির হোসেন সরকার বলেন, প্রতিষ্ঠানটি চালুর কথা বলা হলেও সেখানে বর্তমানে ব্যবহারের উপযোগী কোনো যন্ত্রপাতি বা মেশিনারি নেই। প্রতিষ্ঠানটি বিটিএমসির লিকুইডেশন সেলে রয়েছে। এটি লিকুইডেশন সেল থেকে বিটিএমসিতে ফিরিয়ে এনে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

কুষ্টিয়া শহরের যানজট নিরসনে রেললাইন এলিভেটেড করার প্রস্তাবও দিয়েছেন তারা। জাকির হোসেন সরকারের ভাষ্য, ট্রেন চলাচলের সময় শহরের চার-পাঁচটি রেলক্রসিংয়ে তিন থেকে চার ঘণ্টা পর্যন্ত যানজট তৈরি হয়। বাইপাস সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের জটিলতা থাকায় বিকল্প হিসেবে রেললাইন উঁচু করার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে রেললাইনের নিচ দিয়ে আরেকটি সড়ক নির্মাণের সুযোগ তৈরি হবে এবং শহরের যানজট কমবে।

এ ছাড়া, কুষ্টিয়ায় একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেছে জেলা বিএনপি। তাদের মতে, কুষ্টিয়া ও আশপাশের জেলাগুলোতে এ ধরনের বিশ্ববিদ্যালয় না থাকায় স্থানীয় তরুণদের উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ সীমিত।

জাকির হোসেন সরকার বলেন, কুষ্টিয়ার উন্নয়নে দীর্ঘদিন ধরে বড় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এসব প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তিনি প্রস্তাবগুলো বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন তিনি।

মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জনি, জেলা ছাত্রদলের সভাপতি তসলিম উদ্দিন নিশাতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   ২ ডিসেম্বর  কুষ্টিয়া  যাচ্ছেন  প্রধানমন্ত্রী তারেক রহমান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: