ট্রাম্পকে ব্যঙ্গ করে তৈরি ভিডিও প্রকাশের জেরে ইরানপন্থি একটি চ্যানেল বন্ধ করে দিয়েছে ইউটিউব। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান।
‘সহিংস বিষয়বস্তু প্রচারের’ অভিযোগে ইরানপন্থি নির্মাতাদের গোষ্ঠী ‘এক্সপ্লোসিভ মিডিয়া’র একটি অ্যাকাউন্ট বন্ধ করে দেয় ইউটিউব। গ্রুপটি জানায়, গত শুক্রবার (১০ এপ্রিল) ‘ভায়োলেন্ট কন্টেন্ট’ প্রকাশের অভিযোগে তাদের চ্যানেলটি সরিয়ে নেওয়া হয়। তবে তাদের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এখনো সচল রয়েছে।
গ্রুপটির দাবি, তারা লেগো-স্টাইল কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অ্যানিমেশন ভিডিও প্রকাশ করছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করা হয় এবং ‘ইরানের জয়’ তুলে ধরা হয়। চ্যানেলটি বন্ধ করে দেওয়ার পর তারা প্রশ্ন তোলে ‘আমাদের অ্যানিমেশনগুলো কি সত্যিই সহিংস?’
এ ঘটনায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের অবস্থান আড়াল করার চেষ্টা করা হয়েছে।
তার দাবি, ইরানবিরোধী কর্মকাণ্ডের ‘সত্য’ দমন করতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বাঘাই বলেন, ‘যে দেশে পিক্সার, ড্রিমওয়ার্কস অ্যানিমেশন এবং দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানির মতো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে একটি স্বাধীন অ্যানিমেশন চ্যানেল হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কেন?’
তিনি আরও অভিযোগ করেন, এটি করা হয়েছে ইরানের বিরুদ্ধে তথাকথিত ‘অবৈধ যুদ্ধ’ সম্পর্কিত তথ্য গোপন করতে এবং মার্কিন প্রশাসনের বয়ানকে প্রাধান্য দিতে।
উল্লেখ্য, ‘এক্সপ্লোসিভ মিডিয়া’ নিজেদের স্বাধীন নির্মাতা গোষ্ঠী হিসেবে দাবি করলেও তাদের সঙ্গে ইরান সরকারের সম্পর্ক রয়েছে বলে অনেকের ধারণা। গোষ্ঠীটি সাম্প্রতিক সংঘাতকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক ভিডিও তৈরি করে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছিল।