বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে ইতোমধ্যেই তৈরি হয়েছে আলোচনা।
অভিনেত্রী মুক্তি জানিয়েছেন, তার মা কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমের ইচ্ছা পূরণ করতেই তিনি এই পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি শিল্পীদের দীর্ঘদিনের অনুরোধও তাকে উৎসাহিত করেছে।
তিনি বলেন, তার মা জীবদ্দশায় চেয়েছিলেন, মেয়েকে শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে। সেই স্বপ্ন পূরণ করতেই তিনি এবার সাধারণ সম্পাদক পদে লড়ছেন। মুক্তি জানান, শিল্পীদের কল্যাণে কাজ করাই তার মূল লক্ষ্য। তার ভাষায়, সমিতির অনেক সদস্যকে আবার সংগঠনের সঙ্গে যুক্ত করতে চান তিনি।
তিনি আরও বলেন, গত দেড় বছরে বর্তমান কমিটির সঙ্গে কাজ করে শিল্পীদের জন্য ঈদ উপহার, বিভিন্ন অনুষ্ঠান এবং স্মরণসভাসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
তার উদ্যোগে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শীর্ষক স্মরণসভা নিয়ে তিনি বিশেষভাবে সন্তুষ্টি প্রকাশ করেন। সেখানে প্রয়াত শিল্পীদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজনটি প্রথমবারের মতো বড় পরিসরে অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে যুক্তরাষ্ট্র থেকে এসে অংশ নেন অভিনেতা আহমেদ শরীফ এবং প্রবীণ অভিনেতা সোহেল রানাসহ অনেক শিল্পী।
জানা গেছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে, যা জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে হতে পারে। এবারের নির্বাচনে একাধিক প্যানেল গঠনের সম্ভাবনাও রয়েছে।
মুক্তি জানান, নবীন ও প্রবীণ শিল্পীদের সমন্বয়ে একটি শক্তিশালী প্যানেল গঠন করার পরিকল্পনা রয়েছে তার। তিনি বলেন, শিল্পীদের পাশে থাকা এবং সংগঠনকে আরও সক্রিয় করাই তার অগ্রাধিকার।
এএডি/