ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার কোষারানীগঞ্জ শ্মশান কালী পূজা ও নববর্ষ উদযাপন উপলক্ষে টাঙ্গন নদীর সতীর ঘাটে দিনব্যাপী এ গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। পাপমুক্তি ও পুণ্য লাভের আশায় ভোর থেকে শত শত পুণ্যার্থী টাঙ্গন নদীতে পবিত্র স্নানে অংশগ্রহণ করেন।
পুণ্যার্থীরা জানান, অন্য যে কোনো স্নানের চেয়ে এ স্নান হাজার হাজার গুণ পুণ্যময়। বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীরা গঙ্গাস্নান করতে আসেন। এছাড়াও পুণ্যস্নানের পর আয়োজন করা হয় মেলা, কালী পূজাসহ প্রায় সাত ধরনের পূজা ও লীলাকীর্তন। এ উপলক্ষে টাঙ্গন নদীর সতীর ঘাটে দূরদূরান্ত থেকে সাধু-সন্ন্যাসীরা জড়ো হন।
এ বিষয়ে কোষারানীগঞ্জ সতীর ঘাট শ্মশান কমিটির সভাপতি তপন কুমার বলেন, চৈত্র সংক্রান্তিতে হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়। পাপমুক্তি ও পুণ্যলাভের আশায় শত শত পুণ্যার্থী এই পবিত্র স্নানে অংশ নেন।
এছাড়াও তর্পণ, অন্নপূর্ণা পূজা, শিব পূজা, কালী পূজা, রামলীলাসহ প্রায় সাত ধরনের পূজা অনুষ্ঠিত হয়।
আরবিএন