ঘুমধুমে এলজিইডির রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, টনক নড়েনি কর্তৃপক্ষের

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষংছড়ি

সারাদেশ

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়িতে এলজিইডির সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার আবুবক্করের বিরুদ্ধে। তুমব্রু

2026-04-15T20:53:11+00:00
2026-04-15T20:53:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঘুমধুমে এলজিইডির রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগ, টনক নড়েনি কর্তৃপক্ষের
নিজস্ব প্রতিবেদক, নাইক্ষংছড়ি
প্রকাশ: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৮:৫৩ পিএম 
অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার আবুবক্করের বিরুদ্ধে। ছবি : সময়ের আলো
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়িতে এলজিইডির সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদার আবুবক্করের বিরুদ্ধে। তুমব্রু সীমান্ত সড়ক থেকে রেজু আমতলি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক সংস্কার কাজে এসব অনিয়মের অভিযোগ উঠলেও উপজেলা প্রকৌশলী নজরুল ইসলামের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, অভিযোগ জানা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে। যে কোনো সময় এসব অনিয়মের প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করা হতে পারে বলেও তারা জানিয়েছেন।

এদিকে সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও উপজেলা প্রকৌশলীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ স্থানীয়দের।

গত ১২ এপ্রিল উপজেলা প্রকৌশলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং ১৪ এপ্রিল আবারও এলজিইডির কর্মকর্তারা পরিদর্শনে এলেও ঠিকাদারের অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়ক নির্মাণে বালির পরিবর্তে পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে। নির্ধারিত মান বজায় না রেখে নিম্নমানের খোয়া ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী।


জানা গেছে, এলজিইডির অর্থায়নে ২০২৪-২৫ অর্থবছরে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে পরিচালিত এ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান যথাযথ নিয়ম অনুসরণ করছে না। সড়ক নির্মাণে মানসম্মত উপকরণের পরিবর্তে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, সড়কের বিভিন্ন স্থানে বালির পরিবর্তে সরাসরি পাহাড়ি মাটি ব্যবহার করা হচ্ছে, যা বর্ষা মৌসুমে দ্রুত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে বিপুল অর্থ ব্যয়ের পরও টেকসই সড়ক নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছে।

এলাকাবাসী আরও জানান, কাজের তদারকির অভাব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান অনিয়মের সুযোগ নিচ্ছে। তারা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সড়কটি সীমান্ত এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হওয়ায় মানসম্মতভাবে কাজ সম্পন্ন করা জরুরি বলেও জানিয়েছেন স্থানীয়রা।

ঠিকাদার আবুবক্করের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।

এ বিষয়ে নাইক্ষংছড়ি উপজেলা বিএনপি নেতা আমিনুল কবির বলেন, এসব অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তারা অবগত আছেন। তিনি দ্রুত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ঠিকাদারকে দুই দফা চিঠি দেওয়া হয়েছে এবং নিম্নমানের নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আরবিএন


  বিষয়:   বান্দরবান  নাইক্ষংছড়ি  ঘুমধুম  বাইশপাড়ি  এলজিইডি  সড়ক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: