কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশ বর্তমানে ‘মৃত্যুর মিছিলে’ পরিণত হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় প্রাণহানি রোধে দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, দ্রুত রাস্তাটি করে দিন।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা চলাকালে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাসনাত আবদুল্লাহ বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার অংশটি প্রতিদিন মৃত্যুর মিছিলে পরিণত হচ্ছে। চলতি মাসেই ২৩ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দীর্ঘ ১০-১২ বছর ধরে এই রাস্তায় কোনো উন্নয়নকাজ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় মহাসড়কটি ছয় লেনের হওয়ার কথা থাকলেও বর্তমানে এটি মাত্র ১৮ ফুট প্রশস্ত। এ অবস্থার কারণে তিনি এলাকাবাসীর মুখোমুখি হতে পারছেন না বলেও মন্তব্য করেন।
এমপি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীকে দ্রুত ব্যবস্থা নিতে সংসদে রুলিং দেওয়ার জন্য তিনি ডেপুটি স্পিকারের প্রতি আহ্বান জানান।
আরবিএন