পাকিস্তান সুপার লিগের চলতি আসরে ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রেখে আরেকটি বড় অর্জনের গল্প লিখলেন বাবর আজম। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে জয়ের ম্যাচে শুধু দলকেই এগিয়ে নেননি, নিজের ক্যারিয়ারেও যোগ করেছেন একটি অনন্য রেকর্ড।
পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে ৫১ বলে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলতে গিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের শততম অর্ধশতক পূর্ণ করেন বাবর। এর মাধ্যমে তিনি ইতিহাসের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই মাইলফলক ছুঁলেন এবং পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে নাম লেখালেন এই এলিট তালিকায়।
এই কীর্তির আগে একই ক্লাবে জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি এবং জস বাটলার- যারা টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে নিজেদের আলাদা উচ্চতায় নিয়ে গেছেন।
আরও পড়ুন
চলতি পাকিস্তান সুপার লিগেও দারুণ ছন্দে আছেন বাবর। ৬ ইনিংসে ৩০০-এর বেশি রান করে তিনি রয়েছেন শীর্ষ রানসংগ্রাহকদের তালিকায়। তার সতীর্থ কুশল মেন্ডিস বর্তমানে রান তালিকার শীর্ষে থাকলেও গড়ের বিচারে সবার ওপরে বাবরই।
শুধু অর্ধশতক নয়, টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মোট সংখ্যাতেও এগিয়ে যাচ্ছেন তিনি। এই তালিকায় ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল-কে পেছনে ফেলে ইতিমধ্যেই নিজের অবস্থান আরও শক্ত করেছেন। এখন তার লক্ষ্য আরও ওপরে ওঠা, যেখানে শীর্ষে রয়েছেন ওয়ার্নার।
সব মিলিয়ে, ব্যাট হাতে ধারাবাহিকতা ও নেতৃত্ব- দুই দিকেই উজ্জ্বল বাবর আজম। তার পারফরম্যান্সে ভর করেই পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে পেশোয়ার জালমি, যা এবারের আসরে দলটির শিরোপা স্বপ্নকে আরও জোরালো করে তুলেছে।
এএডি/