চাঁদপুরের মতলব উত্তরে অভিযান পরিচালনা করে ১২ জন জেলেকে আটক ও ৫টি নৌকা জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এখলাশপুর, বোরচর, মোহনপুর, দশানী সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।
এ ছাড়াও ২০০ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। চারটি বেহুন্দী জাল, ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় ও দুস্থদের মাঝ বিতরণ করা হয়। নৌকা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
আটক আটজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও চার জনকে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)রুহুল আমিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজন চন্দ্র বর্মন (৩০), সনজিত চন্দ্র বর্মন (৪০), মনির হোসেন মিজি (৩৫), অমিত চন্দ্র বর্মন (১৮), দুলাল বর্মন (৩৫), মো. বাদশা (৪৮), রনজিৎ (৫০), মধ্যম চন্দ্র বর্মন (৪৫), শফিকুল ইসলাম (৪৫), মো. নাদিম হোসেন (১৮), রনজিৎ (৩৫), দুলাল (২৮)।
মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, জাটকা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
সময়ের আলো/জোই