জমি দখল, মারধরের একটি মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন।
একটি মামলায় জামিন হলেও তার বিরুদ্ধে আরও ছয়টি মামলা আছে। এর মধ্যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলাও রয়েছে। তাই এখনই তিনি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে আইনজীবীরা জানিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী মিজানুর রহমান বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে বৃহস্পতিবার জামিনের আবেদন করা হয়েছিল। আদালতে আবেদনের উপর শুনানি হয়। পরে এই মামলায় আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।
জানা গেছে, তার বিরুদ্ধে হাটহাজারী উপজেলার মেখল এলাকায় জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও মারধরের অভিযোগে একটি মামলা হয়েছিল। এই মামলার বাদী সাবেক মন্ত্রী বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের বাবা।
২০২৩ সালে এই মামলা দায়ের করা হয়েছিল। আসামি ছিলেন চিন্ময় কৃষ্ণ দাসসহ ছয়জন। মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে পিবিআই প্রতিবেদন জমা দেয় আদালতে।
২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন নাকচ হওয়ায় ব্যাপক সংঘর্ষ হয় চট্টগ্রামের আদালত এলাকায়। ইসকন সমর্থকদের হামলায় অনেকে আহত হন। ভাঙচুর করা হয় সরকারি স্থাপনা। ওই দিন বিকালে সশস্ত্র ইসকন সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি চিন্ময় দাস।
সময়ের আলো/জেডআই