ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) ছাত্রাবাসে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় শনিবার (১৮ এপ্রিল) থেকে কলেজের সব ক্লাস-পরীক্ষা আগামী সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান সময়ের আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, তুচ্ছ ঘটনায় গতকাল শুক্রবার রাতে মমেকের ছাত্রাবাসে ছাত্রদল কর্মী মো. মুয়াজ ও মীর হামিদুরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তি, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে মুয়াজ ও মীর হামিদুর গুরুতর আহত হয়। তাদের মধ্যে মুয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। আর হামিদুরকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে বর্তমানেও ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এদিকে, রাতের ঘটনায় শনিবার ভোরে জরুরি বৈঠক করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যাকাডেমিক কাউন্সিল। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ দিনের জন্য কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান জানান, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী ৭ দিনের জন্য কলেজ বন্ধ এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
এফআর