রাজশাহীর তাহেরপুরে যুবলীগের এক পলাতক নেতার পুকুরে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তাহেরপুর পৌরসভার নুরপুর মহল্লায় ওই পুকুরে রুই, কাতলাসহ কার্প জাতীয় মাছ মরে ভেসে ওঠে। ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ হয়েছে।
ভুক্তভোগী পলাতক নেতার নাম সোহেল রানা। তিনি তাহেরপুর পৌরসভা যুবলীগের আহ্বায়ক ও নুরপুর মহল্লার বাসিন্দা। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। এর আগে, গত ২১ মার্চ ঈদের রাতে তাহেরপুর বিএনপির কিছু কর্মী সোহেল রানার বাড়িতে হামলা করেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রতিবেশীরা জানায়, সোহেল রানা দীর্ঘদিন ধরে বাড়ির পাশের ১২ বিঘা আয়তনের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। রাজনৈতিক পটপরিবর্তনে তিনি পালিয়ে থাকায় বর্তমানে তার স্বজনেরা পুকুরটি দেখাশোনা করছেন। বাড়ির কাছাকাছি হওয়ায় পুকুরে তারা কোনো পাহারাদার রাখেনি।
পুকুরে বিষ প্রয়োগের কারণে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করেছেন ভুক্তভোগী যুবলীগ নেতা সোহেল রানা।
অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে তিনি বলেন, ৫ আগস্টের পর তার কয়েকটি পুকুর বেদখল হয়ে যায়। বাড়ির কাছের পুকুরটি তার স্বজনেরা দেখাশোনা করলেও হুমকির কারণে সেখানে পাহারাদার রাখা সম্ভব হয়নি। তবে পুকুরে কারা বিষ প্রয়োগ করেছে, সে বিষয়ে জানতে পারেননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে।
এফআর