নাটোরের সিংড়া উপজেলায় বোরো মৌসুমের শেষ সময়ে এসে চরম বিপাকে পড়েছে কৃষকরা। একদিকে তীব্র লোডশেডিং, অন্যদিকে সংঘবদ্ধ চোর চক্রের উপদ্রব—সব মিলিয়ে যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’ পড়েছে তাদের ওপর।
শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার তাজপুর ইউনিয়নের শহরবাড়ি গ্রামের উত্তর মাঠ থেকে একযোগে সেচ পাম্পের ৬টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১৫০ বিঘা জমির আধাপাকা ধান নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন ওই এলাকার চাষীরা।
স্থানীয় কৃষকরা জানান, শহরবাড়ি গ্রামের উত্তর মাঠে ১০-১৫টি সেচ মোটর দিয়ে চাষাবাদ করা হয়। এর মধ্যে ৬টি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় সেচ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এসব মোটরের আওতায় প্রায় ১০০ থেকে ১৫০ বিঘা জমিতে পানি সেচ দেওয়া হতো।
তারা আরও জানান, বর্তমানে ধান পাকার আগ মুহূর্তে জমিতে পর্যাপ্ত পানি প্রয়োজন। এই সময়ে সেচ দিতে না পারলে ধানের শীষ শুকিয়ে চিটা হয়ে যাবে। এমনকি ফসল পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছে কৃষকরা।
ভুক্তভোগী কয়েকজন কৃষক বলেন, একটি ট্রান্সফরমারের বর্তমান বাজারমূল্য আনুমানিক ৩৫ থেকে ৪৫ হাজার টাকা। বোরো মৌসুমের শেষ দিকে এসে নতুন করে ঋণ করে ট্রান্সফরমার কেনা তাদের মতো ক্ষুদ্র ও নিম্ন আয়ের কৃষকের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ট্রান্সফরমার চুরির ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। চোর চক্রের উপদ্রব বন্ধে প্রতিটি এলাকায় প্রশাসনিক টহল বাড়ানোর জোর দাবি জানিয়েন স্থানীয়রা।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি সম্পর্কে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর