নতুন কোচ, টানটান উত্তেজনা আর শেষ মুহূর্তের নাটক- সব মিলিয়ে এক রোমাঞ্চকর রাতে জয় তুলে নিল ইন্টার মায়ামি। আর সেই জয়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি।
কলোরাডো র্যাপিডসের বিপক্ষে ম্যাচটি যেন দুই ভিন্ন গল্পে বিভক্ত। শুরুতে দাপট দেখিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি। পেনাল্টি থেকে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন মেসি, পরে দলীয় সমন্বয়ে আসে দ্বিতীয় গোল। সবকিছু তখন নিয়ন্ত্রণেই মনে হচ্ছিল।
কিন্তু দ্বিতীয়ার্ধে চিত্র পুরো বদলে যায়। ঘরের মাঠে সমর্থকদের উজ্জীবিত সমর্থনে কলোরাডো ঘুরে দাঁড়ায় এবং পরপর দুই গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। ম্যাচ তখন অনিশ্চয়তার দোলাচলে।
আরও পড়ুন
ঠিক সেই মুহূর্তেই মঞ্চে আবির্ভাব মেসির। শেষ দিকে ডান দিক থেকে আসা পাস নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে অসাধারণ দক্ষতায় ডিফেন্ডারদের কাটিয়ে বাম পায়ের নিখুঁত শটে জয়সূচক গোল করেন তিনি। তার এই গোলেই ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় মায়ামির।
এই জয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ গিয়ের্মো ওইয়োসের জন্য, যিনি এই ম্যাচ দিয়েই কোচ হিসেবে যাত্রা শুরু করেন। তার অধীনে প্রথম ম্যাচেই জয় পাওয়ায় দলের আত্মবিশ্বাস বাড়বে বলেই মনে করা হচ্ছে। এর আগে কোচের দায়িত্বে ছিলেন হাভিয়ের মাচেরানো।
ম্যাচ শেষে ওইয়োস মেসির প্রশংসা করে বলেন, দলে এমন একজন খেলোয়াড় আছেন, যিনি একাই ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তার মতে, দল ধীরে ধীরে আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে উঠছে।
তবে ম্যাচের শেষ দিকে কিছুটা উত্তেজনাও দেখা যায়। সতীর্থের পক্ষে প্রতিবাদ করতে গিয়ে ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এএডি/