স্পিনারদের পক্ষে সাফাই শান্তর

ক্রীড়া প্রতিবেদক

খেলা

ঘরের মাঠে সিরিজ, পরিচিত কন্ডিশন, স্পিননির্ভর পরিকল্পনা, সবকিছুই ছিল বাংলাদেশের পক্ষে। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রত্যাশার ধারেকাছেও

2026-11-10T04:13:08+00:00
2026-11-10T04:13:08+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
খেলা
স্পিনারদের পক্ষে সাফাই শান্তর
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:১৩ এএম 
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
ঘরের মাঠে সিরিজ, পরিচিত কন্ডিশন, স্পিননির্ভর পরিকল্পনা, সবকিছুই ছিল বাংলাদেশের পক্ষে। তবু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের সিরিজে প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি স্বাগতিকরা। ঢাকায় প্রথম টেস্টে ৮ উইকেটের হার, সিলেটে দ্বিতীয় ম্যাচে ড্র। তাতে সিরিজ শেষ হয়েছে ১-০ ব্যবধানে হেরে। এই ব্যর্থতার দায় এড়াতে চান না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার স্বীকারোক্তি, নিজেদের সামর্থ্যরে ৫০ শতাংশ ক্রিকেটও খেলতে পারেনি বাংলাদেশ।

সিরিজ শেষে শান্ত বলেন, ‘আমাদের মেনে নেওয়া খুব গুরুত্বপূর্ণ যে আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। আমার মনে হয়, এই সংস্করণে আমরা সাধারণত যে মানের ক্রিকেট খেলি, তার অর্ধেকও খেলতে পারিনি।’ পরিকল্পনা ও বাস্তবায়ন ঠিকঠাক হলে ফল ভিন্ন হতে পারত বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক। ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে না পারাকেও ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে দুই টেস্টেই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। সাম্প্রতিক বাংলাদেশের পেসাররা ভালো করলেও একাদশে বাড়তি একজন পেসার না রাখার সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন শান্ত।

তিনি বলেন, ‘সত্যি বলতে, আমাদের পরিকল্পনা ছিল স্পিনসহায়ক উইকেটে খেলার। দুই ম্যাচেই আমরা তিন স্পিনার ও দুই পেসার নিয়ে খেলেছি। আমার মনে হয় না, প্রথম টেস্টে কন্ডিশনের কারণে আমরা হেরেছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং— তিন বিভাগেই আমরা ভালো করতে পারিনি। এ কারণেই ম্যাচ হেরেছি। পরিকল্পনা ঠিক ছিল, কিন্তু আগেও বলেছি, সেটি বাস্তবায়ন করতে পারিনি।’ তবে সিলেটে প্রত্যাশিত কন্ডিশন পাননি বলেও স্বীকার করেছেন শান্ত। তার ধারণা ছিল, উইকেটে শুরু থেকেই স্পিন ধরবে। কিন্তু বাস্তবে তা হয়নি। ভবিষ্যতে এমন উইকেট তৈরির পরিকল্পনা আরও ভালোভাবে করার প্রয়োজনীয়তা দেখছেন তিনি।


শান্তর ভাষায়, ‘সিলেটে আমরা ঠিক যে ধরনের কন্ডিশন চেয়েছিলাম বা আশা করেছিলাম, তা পাইনি। পরিকল্পনার দিক থেকে হয়তো আমরা কিছুটা পিছিয়ে ছিলাম। আমাদের ধারণা ছিল, উইকেটে একটু আগেই স্পিন ধরবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা হয়নি।’

ওয়েস্ট ইন্ডিজও দুই টেস্টে তিন স্পিনার খেলিয়েছে। শান্ত জানান, দুই দলই উইকেটে আগেভাগে স্পিন ধরার প্রত্যাশা করেছিল, ‘স্পিনারদের ওপর থেকে এত দ্রুত বিশ্বাস হারানো ঠিক হবে না। আমার বিশ্বাস, যারা এই দুই ম্যাচে খেলেছে, সেই তিন স্পিনারই যথেষ্ট সামর্থ্যবান। কখনো দুই-তিনটি সিরিজ খারাপ যেতে পারে। কিন্তু তাদের ওপর আস্থা রাখা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, তারা খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তাওহীদ হৃদয়ের ব্যাটিং। বিশেষ করে লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটারদের নিয়ে দীর্ঘ সময় উইকেটে থাকার সামর্থ্যকে দলের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি, ‘আমাদের ড্রেসিংরুমের সবাই ওর ইনিংসে খুশি হয়েছে। মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমে এত বড় ইনিংস খেলা এবং লোয়ার মিডল অর্ডার ও লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে যেভাবে ব্যাট করেছে, তা অসাধারণ। 

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   স্পিনার  সাফাই  নাজমুল হোসেন শান্ত 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: