ভ্যালেন্সিয়াকে হারিয়ে রিয়ালের টানা আট

ক্রীড়া ডেস্ক

খেলা

লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে গোলের উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। তবে ৩-০ ব্যবধানের এই জয়ের চেয়েও ম্যাচের বিরতিতে টানেলে ঘটে যাওয়া

2026-11-08T23:25:47+00:00
2026-11-08T23:25:47+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
খেলা
ভ্যালেন্সিয়াকে হারিয়ে রিয়ালের টানা আট
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১১:২৫ পিএম 
লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে গোলের উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। ছবি : সংগৃহীত
লা লিগায় ভ্যালেন্সিয়ার মাঠে গোলের উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। তবে ৩-০ ব্যবধানের এই জয়ের চেয়েও ম্যাচের বিরতিতে টানেলে ঘটে যাওয়া একটি ঘটনা এখন বেশি আলোচনায়। অভিযোগ উঠেছে, বিরতির সময় নিরাপত্তাকর্মীদের ওপর চড়াও হয়েছিলেন রিয়ালের দুই তারকা জুড বেলিংহাম ও আন্তোনিও রুডিগার।

স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমার্ধের খেলা শেষে টানেলে দুই নিরাপত্তাকর্মীর সঙ্গে সংঘাতে জড়ান বেলিংহাম ও রুডিগার। সংবাদমাধ্যমটির বরাতে সাংবাদিক নাচো সানচেজ জানিয়েছেন, বেলিংহাম এক নিরাপত্তাকর্মীকে ঘুসি মারেন এবং রুডিগার অন্য একজনকে চড় মারেন। ঘটনার পর নিরাপত্তাকর্মীরা রেফারির কাছে অভিযোগ জানান। রেফারি হার্নান্দেজ মায়েসো বিষয়টি তার প্রতিবেদনে লিখে রেখেছেন বলে দাবি করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত বা শাস্তির ঘোষণা এখনও আসেনি।

ম্যাচে মাঠের লড়াইয়ে অবশ্য শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল রিয়ালের। যদিও প্রথম দিকে তেমন বড় সুযোগ তৈরি করতে পারেনি লস ব্লাঙ্কোসরা। উল্টো অরেলিয়েন চুয়ামেনির ভুলে ভ্যালেন্সিয়ার অ্যারন মায়োলের সামনে গোলের সুযোগ তৈরি হয়েছিল। পরে কর্নার থেকে ভ্যালেন্সিয়া গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

এরপরই আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ২৮ মিনিটে এমবাপের ফ্রি-কিক প্রতিপক্ষের দেয়ালে লেগে ফিরে এলে বল পেয়ে যান ভালভার্দে। বক্সের বাইরে থেকে তার নেওয়া জোরালো শট জালে জড়ালে এগিয়ে যায় সফরকারীরা। আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরদা গুলার। জুড বেলিংহামের বাড়ানো বল ভ্যালেন্সিয়ার পেপেলুর গায়ে লেগে গুলারের সামনে এলে সহজেই জালে পাঠান তুর্কি মিডফিল্ডার।


বিরতির পর ব্যবধান বাড়াতে মরিয়া ছিল রিয়াল। ভ্যালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কি একাধিকবার গুলার ও এমবাপেকে আটকে দেন। পরে বেলিংহাম ও এমবাপের দুটি প্রচেষ্টাও দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন তিনি। তবে ৭৫ মিনিটে আর রক্ষা হয়নি। গুলারের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান এমবাপে। এর ৪ মিনিট পরই মাঠে উত্তেজনা ছড়ায়। এমবাপেকে শেষ মুহূর্তে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ভ্যালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়া। ফলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেন রিয়াল কোচ হোসে মরিনহো। খেলোয়াড়দের কৃতিত্ব দিয়ে তিনি বলেন, ব্যক্তিগত ও দলীয়ভাবে সবাই দারুণ সাড়া দিচ্ছে। বল হারানোর পর দ্রুত তা পুনরুদ্ধারে দলের প্রতিক্রিয়াও ছিল প্রশংসনীয়। 

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে প্রথম দিকে গোল না পেলেও ম্যাচের ৭২ মিনিটে আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ডের একমাত্র গোলে হাল সিটিকে হারিয়েছে। এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে মিকেল আর্তেতার দল। অন্য ম্যাচে নাটিংহাম ফরেস্টের কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের শুরুতেই ডিফেন্ডার জাইর কুনহার গোলে পিছিয়ে পড়ে সিটিজেনরা। ১৮ মিনিটে লিয়াম দিলাপের গোলে ব্যবধান দ্বিগুণ করে নাটিংহাম। বিরতির পর ৫২ মিনিটে রায়ান চেরকির গোলে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় এনজো মারেস্কার শিষ্যরা। তবে ৭৩ মিনিটে দিলাপের দ্বিতীয় গোলে ৩-১ গোলে হার মেনে নিতে বাধ্য হয় আর্লি হালান্ড-এনজো ফার্নান্দেজরা। 

আরেক ম্যাচে ফুলহাম ও নিউক্যাসলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। লিডস ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলে হার মেনেছে টটেনহাম। 


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   ভ্যালেন্সিয়া  রিয়াল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: