মাঠে নেমে শিরোপা উদ্‌যাপন, পরে জানা গেল চ্যাম্পিয়ন অন্য দল!

ক্রীড়া ডেস্ক

খেলা

ম্যাচ শেষ হতেই গ্যালারিতে উল্লাস। সমর্থকেরা নেমে এসেছেন মাঠে। খেলোয়াড়েরাও তাদের সঙ্গে যোগ দিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছেন। আর্জেন্টিনার ক্লাব

2026-11-08T12:45:13+00:00
2026-11-08T12:45:13+00:00
 
  রবিবার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
খেলা
মাঠে নেমে শিরোপা উদ্‌যাপন, পরে জানা গেল চ্যাম্পিয়ন অন্য দল!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১২:৪৫ পিএম 
অন্য ম্যাচের ফল জানার পর ভেঙে পড়েন রোজারিওর সমর্থকরা। ছবি : সংগৃহীত
ম্যাচ শেষ হতেই গ্যালারিতে উল্লাস। সমর্থকেরা নেমে এসেছেন মাঠে। খেলোয়াড়েরাও তাদের সঙ্গে যোগ দিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছেন। আর্জেন্টিনার ক্লাব রোসারিও সেন্ট্রালের মাঠে তখন উৎসবের আমেজ। কিন্তু কয়েক মিনিটের ব্যবধানেই সেই আনন্দ রূপ নেয় হতাশায়। কারণ, শিরোপা জেতেনি রোসারিও; শেষ মুহূর্তের গোলে চ্যাম্পিয়ন হয়েছে বোকা জুনিয়র্স। ভুল তথ্যের কারণে শিরোপা জয়ের আগেই উৎসব শুরু করে দিয়েছিলেন রোসারিওর খেলোয়াড় ও সমর্থকেরা।

শনিবার (৭ নভেম্বর) আর্জেন্টিনার লিগ মৌসুমের শেষ দিনে ঘটে এই অদ্ভুত ঘটনা। নিজেদের মাঠে এস্তুদিয়ানেস দে রিও কুয়ার্তোকে ২-০ গোলে হারায় রোসারিও সেন্ট্রাল। তবে বার্ষিক পয়েন্ট তালিকায় চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের জয়ের পাশাপাশি বোকা জুনিয়র্সের পয়েন্ট হারানোর অপেক্ষায় থাকতে হতো তাদের।

বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে দেফেনসা ই হুস্তিসিয়ার মুখোমুখি হয়েছিল বোকা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। অন্যদিকে নিজেদের মাঠ গিগান্তে দে আরোয়িতোতে তখন জয়ের পথে রোসারিও। ৪৪ মিনিটে হুলিয়ান ফের্নান্দেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৮৬ মিনিটে এমানুয়েল করোনেল ব্যবধান দ্বিগুণ করেন। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।

বোকা ম্যাচে গোল না পাওয়ায় রোসারিওর সমর্থকদের মধ্যে শিরোপা জয়ের আশা জোরালো হয়ে ওঠে। কিন্তু বোকা-দেফেনসা ম্যাচ তখনো শেষ হয়নি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে দেফেনসার রক্ষণ ভেঙে গোল করেন ইকুয়েডরের অভিজ্ঞ ফরোয়ার্ড এনর ভ্যালেন্সিয়া। তাঁর গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় বোকা জুনিয়র্সের।

বিস্ময়কর বিষয় হলো, বোকা গোল করার পরও রোসারিওর মাঠে শিরোপা জয়ের উৎসব চলতে থাকে। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভ্যালেন্সিয়ার গোল বাতিল হয়েছে কিংবা দেফেনসা সমতা ফিরিয়েছে—এমন ভুল তথ্য ছড়িয়ে পড়ে গ্যালারিতে। ফলে অনেক সমর্থক মনে করেন, বোকা জিততে পারেনি। সেই খবর যাচাই না করেই তারা মাঠে নেমে উদ্‌যাপন শুরু করেন।

কেউ পতাকা হাতে ছুটছিলেন, কেউ খেলোয়াড়দের জড়িয়ে ধরছিলেন। কয়েকজন ফুটবলার গ্যালারির বেড়া বেয়ে উঠে সমর্থকদের সঙ্গে আনন্দে যোগ দেন। স্টেডিয়ামজুড়ে চলছিল চ্যাম্পিয়ন হওয়ার স্লোগান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও দেখা যায়, খেলোয়াড় ও সমর্থকেরা একে অপরকে অভিনন্দন জানাচ্ছেন। কেউ কেউ টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের আনন্দও প্রকাশ করছিলেন।

তবে ভুল তথ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণের মধ্যেই নিশ্চিত হয়, বোকা জুনিয়র্সের গোলটি বৈধ ছিল এবং দেফেনসা সমতা ফেরাতে পারেনি। অর্থাৎ ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বোকাই।

ফলে বার্ষিক পয়েন্ট তালিকায় ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয় বোকা জুনিয়র্স। ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকে রোসারিও সেন্ট্রাল। মাত্র এক পয়েন্টের ব্যবধানে শিরোপা হাতছাড়া হয় তাদের।

ভুল উদ্‌যাপনের বিষয়টি পরে স্বীকার করেন রোসারিও সেন্ট্রালের কোচ হোর্হে আলমিরন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা বিভ্রান্ত হয়েছিলাম। সমর্থকদের আবেগে ভেসে গিয়ে আগেভাগেই উদ্‌যাপন শুরু করেছিলাম।’

দলের অভিজ্ঞ ফরোয়ার্ড মার্কো রুবেনও ঘটনার ব্যাখ্যা দিয়েছেন। তার ভাষ্য, খুব অল্প সময়ের মধ্যে ভুল বোঝাবুঝি ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষের উচ্ছ্বাসের মধ্যে পরিস্থিতি বুঝে ওঠা কঠিন হয়ে যায়। শিরোপার এত কাছে পৌঁছেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাঁদের।

রোসারিও সেন্ট্রালের সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা আনহেল দি মারিয়ার নামও জড়িয়ে আছে। চোটের কারণে এদিন মাঠে নামতে না পারলেও স্টেডিয়ামে উপস্থিত থেকে দলের ম্যাচ ও শিরোপার লড়াই দেখেছেন তিনি। সতীর্থদের আনন্দ থেকে হতাশায় ডুবে যাওয়ার ঘটনাও প্রত্যক্ষ করতে হয়েছে তাকে।

গত বছরও বার্ষিক পয়েন্ট তালিকার চ্যাম্পিয়ন হয়েছিল রোসারিও। এবার শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু শেষ মুহূর্তের গোলে সেই স্বপ্ন ভেঙে যায়।


অন্যদিকে বোকা জুনিয়র্সের জন্য এটি বড় অর্জন। প্রায় চার বছর পর শিরোপা জিতল আর্জেন্টিনার অন্যতম সফল ক্লাবটি। শেষ চার ম্যাচেই জয় তুলে নিয়ে বার্ষিক পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে তারা। এই সময়ের মধ্যে চিরপ্রতিদ্বন্দ্বী রিভার প্লেটের বিপক্ষেও ১-০ গোলের জয় পেয়েছে বোকা।

তবে এই শিরোপা আর্জেন্টিনার ক্লাউসুরা প্লে-অফের নয়। বছরের দুই পর্বের সম্মিলিত পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার স্বীকৃতি হিসেবে বার্ষিক লিগ চ্যাম্পিয়নের মর্যাদা পেয়েছে বোকা জুনিয়র্স। ক্লাউসুরার নকআউট পর্বের লড়াই এখনো বাকি।

ফুটবলে শেষ মুহূর্তের গোল শিরোপার ভাগ্য বদলে দেওয়ার ঘটনা নতুন নয়। তবে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে খেলোয়াড়-সমর্থকদের মাঠে নেমে উৎসব শুরু করা, তারপর কয়েক মিনিটের মধ্যে জানতে পারা যে শিরোপা জিতেছে অন্য দল—এমন ঘটনা নিঃসন্দেহে বিরল। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   মাঠ  শিরোপা উদ্‌যাপন  চ্যাম্পিয়ন 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: