প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম
তাইবুর রহমান। ছবি : সংগৃহীতজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ঢাকার তাইবুর রহমান। খুলনার বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রেখেছেন তিনি। অন্যদিকে বল হাতে দাপট দেখিয়েছেন চট্টগ্রামের সনজিদ মজুমদার। তার পাঁচ উইকেটের সুবাদে রংপুরকে মাত্র ১৬৬ রানে গুটিয়ে দিয়েছে চট্টগ্রাম।
রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিন শেষে ৫ উইকেটে ৩৬৮ রান করেছে ঢাকা। দলের হয়ে ১২৮ রানে অপরাজিত আছেন তাইবুর। অন্য প্রান্তে ৫৬ রান নিয়ে দিন শেষ করেছেন আমিনুল ইসলাম বিপ্লব। এর আগে আশিকুর রহমান শিবলির ৫৬ এবং ফয়সাল সরকারের ৭০ রানের ইনিংসে শক্ত ভিত পায় ঢাকা। খুলনার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন সফর আলী।
অন্য ম্যাচে খুলনা ডিভিশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি রংপুর। ১৬৬ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ওপেনার অনিক সরকার। চট্টগ্রামের হয়ে দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেট তুলে নেন সনজিদ মজুমদার। হাসান মুরাদ ও ইফরান হোসেন নেন দুটি করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে বিনা উইকেটে ৫৯ রান করেছে চট্টগ্রাম। প্রথম ইনিংসে রংপুরের চেয়ে এখনও ১০৭ রানে পিছিয়ে তারা।
বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৮ উইকেটে ৩২৯ রান করেছে সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন আশরাফুল হাসান রিয়াদ। অধিনায়ক জাকির হাসানের ব্যাট থেকে এসেছে ৬৫ রান। রাজশাহীর হয়ে বল হাতে সফল ছিলেন নিহাদুজ্জামান। তিনি নিয়েছেন তিন উইকেট। মহর শেখের শিকার দুটি উইকেট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ২৪৭ রান করেছে ময়মনসিংহ। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন ওপেনার খালিদ হাসান। এ ছাড়া আল আমিন জুনিয়র ৫৪ এবং মোসাদ্দেক হোসেন সৈকত ৪৭ রান করেছেন। বরিশালের হয়ে তিন উইকেট নিয়েছেন তানভীর ইসলাম। দুটি উইকেট পেয়েছেন রুয়েল মিয়া।
প্রথম দিনের খেলা শেষে তাইবুরের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ঢাকা, আর সনজিদের বোলিং নৈপুণ্যে রংপুরের বিপক্ষে সুবিধাজনক অবস্থানে চট্টগ্রাম। অন্য দুই ম্যাচেও ব্যাটারদের পারফরম্যান্সে ভালো সংগ্রহ পেয়েছে সিলেট ও ময়মনসিংহ।
সময়ের আলো/প্রিন্ট/এমকে