ছবি : সংগৃহীতস্প্যানিশ ফুটবলে শিরোপার লড়াই আরও জমিয়ে তুলতে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। আন্তর্জাতিক বিরতির আগে লা লিগার শীর্ষস্থান দখলের সুযোগ দুদলের সামনেই। টানা সাত জয়ে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাথলেটিকো পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে পিছিয়ে মাত্র দুই পয়েন্টে। নিজেদের মাঠ এস্তাদিও মেত্রোপলিতানোতে জয় পেলে বর্তমান চ্যাম্পিয়নদের টপকে শীর্ষে ওঠার সুযোগ থাকবে দিয়েগো সিমিওনের দলের। আজ বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে ম্যাচ।
তবে ম্যাচটি কেবল পয়েন্ট তালিকার লড়াইয়ে সীমাবদ্ধ নয়। দুদলের কোচের সামনে অপেক্ষা করছে ব্যক্তিগত রেকর্ড গড়ার হাতছানি। পাশাপাশি বার্সেলোনার আগ্রহ সত্ত্বেও দল না ছাড়া হুলিয়ান আলভারেজের সামনেও থাকছে পুরোনো আগ্রহী ক্লাবের বিপক্ষে নিজেকে প্রমাণের সুযোগ।
সাম্প্রতিক মুখোমুখি লড়াইয়ে অ্যাথলেটিকোকে একেবারে পিছিয়ে রাখার সুযোগ নেই। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার বিপক্ষে পাঁচ ম্যাচের দুটিতে জিতেছে তারা, হেরেছে তিনটিতে। মার্চে কোপা দেল’রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল অ্যাথলেটিকো। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালেও ওঠে তারা। এরপর এপ্রিলে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ক্যাম্প ন্যুতে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে শেষ চারে জায়গা করে নেয় সিমিওনের দল।
তবে লা লিগায় অ্যাথলেটিকোর মাঠে বার্সেলোনার সাম্প্রতিক আধিপত্য রয়েছে। মেত্রোপলিতানোতে নিজেদের শেষ চার সফরেই জিতেছে কাতালানরা। এবার জিতলে লা লিগার ইতিহাসে অ্যাথলেটিকোর মাঠে টানা পাঁচ অ্যাওয়ে জয়ের কীর্তি গড়া তৃতীয় দল হবে তারা। এর আগে ১৯৫৫ সালে অ্যাথলেটিক ক্লাব এবং ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ এই কীর্তি গড়েছিল।
অ্যাথলেটিকোর জন্য ম্যাচটি বিশেষ হতে পারে কোচ সিমিওনের ব্যক্তিগত অর্জনের কারণেও। লা লিগায় দলটির হয়ে ৫৬৫ ম্যাচে ৩৪৪ জয় পেয়েছেন তিনি। প্রতিযোগিতার ইতিহাসে সর্বোচ্চ জয়ের রেকর্ডে বর্তমানে লুইস আরাগোনেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন আর্জেন্টাইন কোচ। বার্সেলোনার বিপক্ষে জয় পেলেই এককভাবে রেকর্ডটির মালিক হবেন তিনি।
আলভারেজের জন্যও ম্যাচটি বাড়তি আবেগের। গ্রীষ্মকালীন দলবদলে তাকে দলে পেতে জোর চেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা প্রকাশ্যেই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিলেন।
তবে বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়নি অ্যাথলেটিকো কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত মাদ্রিদেই থেকে যান আলভারেজ। বার্সেলোনাকে নিজের ‘স্বপ্নের ক্লাব’ বললেও পরে অ্যাথলেটিকো সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এখন সেই ক্লাবের বিপক্ষেই গোল করে নিজের অবস্থান জানান দেওয়ার সুযোগ তার সামনে। অ্যাথলেটিকোর হয়ে বার্সেলোনার বিপক্ষে এরই মধ্যে চার গোল করেছেন আলভারেজ।
এদিকে দুর্দান্ত আক্রমণভাগ নিয়ে মাঠে নামবে বার্সেলোনাও। লা লিগায় ১১ ম্যাচে ৪৬ গোল করেছে হ্যান্সি ফ্লিকের দল। প্রতিযোগিতার ইতিহাসে মৌসুমের প্রথম ১১ ম্যাচে এর চেয়ে বেশি গোল করার নজির কেবল অ্যাথলেটিক ক্লাবের— ১৯৩০-৩১ মৌসুমে ৪৯ গোল। অ্যাথলেটিকোর বিপক্ষে তিন গোল করতে পারলে সেই রেকর্ডে ভাগ বসাবে বার্সা। চার গোল করতে পারলে এককভাবে রেকর্ডের মালিক হবে তারা।
বার্সেলোনার আক্রমণে সবচেয়ে উজ্জ্বল রাফিনহা। চলতি মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে ১৫ গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মৌসুমের প্রথম ১০ ম্যাচে ১৫ গোলের কীর্তি গড়া দ্বিতীয় খেলোয়াড় তিনি। এর আগে ২০১৪-১৫ মৌসুমে ১৮ গোল করে এই কীর্তি গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রাফিনহার সঙ্গে লামিন ইয়ামালও বার্সার আক্রমণে বড় ভরসা। সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় গোল ও সাত অ্যাসিস্ট নিয়ে নজর কেড়েছেন ফেরমিন লোপেজও।
তবে অ্যাথলেটিকোর বিপক্ষে বার্সেলোনার কোচ ফ্লিকের দুশ্চিন্তা আছে। হ্যামস্ট্রিংয়ের চোটে ম্যাচটিতে খেলতে পারবেন না রদ্রি। অ্যাস্টন ভিলার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বিরতির সময় মাঠ ছাড়তে হয়েছিল তাকে। অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরলেও এরিক গার্সিয়া ও আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের শুরুর একাদশে থাকার সম্ভাবনা কম। ফলে অ্যাস্টন ভিলার বিপক্ষে ক্লিনশিট পাওয়া রক্ষণভাগই ধরে রাখতে পারেন ফ্লিক।
সময়ের আলো/প্রিন্ট/এমকে