টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি

ক্রীড়া ডেস্ক

খেলা

ঘরের মাঠে টেস্ট খেলেছেন, কিন্তু কখনো হারেননি। ভারতের জার্সিতে লাল বলের ক্রিকেটে এমনই এক গৌরবময় অধ্যায়ের ইতি টানলেন মোহাম্মদ শামি।

2026-11-07T23:21:23+00:00
2026-11-07T23:21:23+00:00
 
  শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ৭ নভেম্বর ২০২৬
খেলা
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন মোহাম্মদ শামি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১১:২১ পিএম 
মোহাম্মদ শামি। ছবি : সংগৃহীত
ঘরের মাঠে টেস্ট খেলেছেন, কিন্তু কখনো হারেননি। ভারতের জার্সিতে লাল বলের ক্রিকেটে এমনই এক গৌরবময় অধ্যায়ের ইতি টানলেন মোহাম্মদ শামি। ১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে ৬৪ ম্যাচে ২২৯ উইকেট শিকার করা এই পেসার গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের মাটিতে অপরাজিত থাকার স্মৃতি নিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেন ৩৬ বছর বয়সি এই তারকা।

কাকতালীয়ভাবে টেস্ট অভিষেকের দিনেই অবসরের ঘোষণা দিলেন ভারতীয় এই পেসার। ২০১৩ সালের ৬ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তার। ঠিক ১৩ বছর পর একই দিনে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন তিনি।

অভিষেকেই নিজের সামর্থ্যরে জানান দিয়েছিলেন শামি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ১১৮ রানে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। ক্যারিয়ারে সেটিই তার সেরা বোলিং পারফরম্যান্স হয়ে আছে। বলের সিম সোজা রেখে নিখুঁত লাইন-লেংথে বোলিং এবং রিভার্স সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করাই ছিল তার বিশেষত্ব।

ভারতের হয়ে ৬৪টি টেস্ট খেলেছেন শামি। ২৭.৭১ গড়ে নিয়েছেন ২২৯ উইকেট, পাঁচ উইকেট পেয়েছেন ছয়বার। 


ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকায় তার অবস্থান ১২তম। পেসারদের মধ্যে ষষ্ঠ। দেশের মাটিতে তার বোলিং ছিল আরও ভয়ংকর। সেখানে ২২.১ গড়ে উইকেট নিয়েছেন তিনি, স্ট্রাইক রেট ৪২.৬। ভারতের হয়ে ঘরের মাঠে তার চেয়ে ভালো স্ট্রাইক রেট রয়েছে মাত্র তিন বোলারের।

টেস্ট ক্যারিয়ারে শামির অন্যতম বড় শক্তি ছিল স্টাম্প লক্ষ্য করে বোলিং করা। তার শিকার হওয়া ব্যাটারদের প্রায় ৪৫ শতাংশই বোল্ড কিংবা এলবিডব্লিউ হয়েছেন। ভারতের হয়ে খেলা ৬৪ টেস্টের ৩১টিতেই জয় পেয়েছে দল, ড্র করেছে ১৩টি। দেশের মাটিতে কোনো টেস্টে হারেননি তিনি।

অবসরের ঘোষণায় সতীর্থ, কোচ, প্রশিক্ষক, ফিজিও এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শামি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি লেখেন, ‘১৩ বছরের এই যাত্রায় এই টেস্ট ক্যাপ ও বলই আমাকে মোহাম্মদ শামি বানিয়েছে। অনেক উত্থান-পতন এসেছে। পড়ে গেছি, ব্যথা পেয়েছি, চোটে পড়েছি; কিন্তু দেশের এই জার্সির জন্য আবার উঠে দাঁড়িয়েছি। এই যাত্রায় যারা সামান্য অবদান রেখেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘ক্রিকেটপ্রেমীরা আমাকে যে পরিচিতি দিয়েছেন, যে ভালোবাসা ও অনুপ্রেরণা জুগিয়েছেন, তা সব সময় মনে রাখব। ৬ নভেম্বর আমি টেস্ট অভিষেক করেছিলাম, আজও (গতকাল) ৬ নভেম্বর। তাই ১৩ বছরের এই যাত্রা এখানেই শেষ করছি।’

সাম্প্রতিক সময়ে চোটের কারণে বারবার মাঠের বাইরে থাকতে হয়েছে শামিকে। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হয় তাকে। পরে হাঁটুর সমস্যাও ভুগিয়েছে এই পেসারকে। দীর্ঘ বিরতি কাটিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেন তিনি। একই বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ভারতের হয়ে তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে।

টেস্ট ক্রিকেটে শেষবার খেলেছেন ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না শামি। সীমিত ওভারের ক্রিকেট, আইপিএল ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানালেও টেস্টের স্মৃতি হৃদয়ে বয়ে বেড়ানোর কথা জানিয়েছেন শামি। তার ভাষায়, ‘আমি সাদা পোশাককে বিদায় জানাচ্ছি, তবে এর সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতিগুলোকে নয়।’


সময়ের আলো/প্রিন্ট/এমকে
  বিষয়:   টেস্ট ক্রিকেট  বিদায়  মোহাম্মদ শামি 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: