মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

একপ্রান্তে ব্যাট হাতে রেকর্ড গড়লেন আহসান আল মুমিন, অন্যপ্রান্তে বল হাতে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন তাফিউল আলম তামিম। দুজনের

2026-11-10T04:15:09+00:00
2026-11-10T04:15:09+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
খেলা
মুমিনের রেকর্ড সেঞ্চুরিতে সেমিতে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৪:১৫ এএম 
ছবি : সংগৃহীত
একপ্রান্তে ব্যাট হাতে রেকর্ড গড়লেন আহসান আল মুমিন, অন্যপ্রান্তে বল হাতে মালয়েশিয়ার ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দিলেন তাফিউল আলম তামিম। দুজনের দুর্দান্ত নৈপুণ্যে যুব এশিয়া কাপে মালয়েশিয়াকে ২০৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রেকর্ডময় এই জয়ে শেষ চারের লড়াইয়ে জায়গা করে নিল লাল-সবুজের প্রতিনিধিরা।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে সোমবার ‘বি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০৩ রান করে বাংলাদেশ। জবাবে তামিমের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়া। বাংলাদেশের ইনিংসে শুরুতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪৪ রানেই ৬ ব্যাটারকে হারায় দল। সেখান থেকে একপ্রান্ত আগলে রেখে ম্যাচের চিত্র পাল্টে দেন চার নম্বরে নামা সহ-অধিনায়ক মুমিন। 

সপ্তম উইকেটে রবিউল হাসান অনিকের সঙ্গে ৭৯ এবং নবম উইকেটে আল আমিন হোসেনের সঙ্গে আরও ৭৯ রানের জুটি গড়েন তিনি। শেষ জুটিতে ৬৮ রানই আসে তার ব্যাট থেকে। ১০২ বলে সেঞ্চুরি পূর্ণ করা মুমিন শেষ পর্যন্ত ১৩৩ বলে ১৫২ রানে অপরাজিত থাকেন। 

ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। যুব ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন তার দখলে। পেছনে ফেলেছেন পিনাক ঘোষের ১৫০ রান।


জবাবে পাওয়ার প্লের মধ্যেই পাঁচ উইকেট হারিয়ে বিপদে পড়ে মালয়েশিয়া। নাগিনেশ্বরণ সাথনাকুমারান ৮১ বলে ৫০ রান করে লড়াই করলেও দলকে বাঁচাতে পারেননি। তামিম ১৮ রানে ৭ উইকেট নিয়ে গড়েন নতুন রেকর্ড। যুব ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট পেলেন তিনি।

তিন ম্যাচে দুই জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার শেষ চারে তাদের প্রতিপক্ষ ভারত অথবা পাকিস্তান।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   মুমিন  রেকর্ড সেঞ্চুরি  সেমি  বাংলাদেশ 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: