দীর্ঘ একযুগ পর রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়লাভ করেছেন করেছেন হাসেন আলী।
রোববার (১৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন।
জানা গেছে, হাসেন আলী ‘খ’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হরিণ প্রতীকে ১ হাজার ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘ক’ প্যানেলের খন্দকার মিজানুর রহমান ক্রিকেট ব্যাট প্রতীকে ১ হাজার ২৬ ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে ‘খ’ প্যানেল থেকে শুধু বিএনপিপন্থী ব্যবসায়ীরা অংশ নিয়েছিলেন। আর ‘ক’ প্যানেলে ২১টি পদের মধ্যে বিএনপিপন্থী নয়জন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন ও জামায়াতপন্থী ১১ জন অংশ নেন। ভোটে ১১টি পদে জয় পেয়েছে ‘ক’ প্যানেল। আর ‘খ’ প্যানেল ১০টি পদে জয়ী হয়েছে।
দীর্ঘ সময় পর গতকাল শনিবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে রাত ১২টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বোয়ালিয়া থানা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সিনিয়র সহসভাপতি পদে ‘ক’ প্যানেলের প্রার্থী শামসুর রহমান শান্তন নির্বাচিত হয়েছেন। আর সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ‘খ’ প্যানেলের প্রার্থী জিয়াউদ্দিন আহমেদ।
পরিচালনা পর্ষদের ১৮টি পরিচালক পদের মধ্যে ১০টিই পেয়েছে ‘ক’ প্যানেল। আর ৮টি পেয়েছে ‘খ’ প্যানেল।
‘ক’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- রেজাউল করিম, শাহ মো. মাইনুল হোসেন শান্ত চৌধুরী, হাসিবুল আলম, ইমাম মেহেদী, আহসান হাবীব, শাকিলুর রহমান, মো. কামরুজ্জামান, রুহুল আমীন, ফরহাদ হোসেন এবং মোবাশ্বের আলী।
‘খ’ প্যানেল থেকে নির্বাচিত পরিচালকেরা হলেন- তৌহিদ হাসান, মাইনুল হক, মো. শামসুজ্জামান, তাসনিম হোসেন, গোলাম সাকলাইন, এ জে এম জান্নাতুল ইসলাম, আমিনুল ইসলাম ও মাহমুদ হাসান।
প্রধান নির্বাচন কমিশনার আরিফ হোসেন জানান, নির্বাচনে মোট ভোটার ছিলেন ২ হাজার ৯০০ জন। এরমধ্যে ২ হাজার ৪৩৪ জন ভোটার ভোট দিয়েছেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে।
এফআর