যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে ৮ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। রোববার (১৯ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানা গেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল প্রায় ৬টার দিকে একটি পারিবারিক বিরোধ থেকে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। নিহত শিশুদের বয়স এক বছর থেকে প্রায় ১৪ বছরের মধ্যে।
শ্রীভপোর্ট পুলিশের প্রধান ওয়েইন স্মিথ বলেন, ‘ঘটনাটি অত্যন্ত জটিল এবং অস্বাভাবিক। এটি একটি বিস্তৃত এলাকা জুড়ে সংঘটিত ঘটনা, যা আমাদের অনেকের জন্যই পূর্ব অভিজ্ঞতার বাইরে। তদন্তকারীরা এখনও ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছেন।’
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এই গুলির ঘটনা এক জায়গায় সীমাবদ্ধ ছিল না। এটি তিনটি আলাদা স্থানে ঘটনার সূত্র পাওয়া গেছে। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে বোশিয়ার সিটি এলাকায় পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।
কর্তৃপক্ষ সাধারণ জনগণের কাছে আহ্বান জানিয়েছে, কারও কাছে যদি ঘটনার সঙ্গে সম্পর্কিত ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তবে তা যেন রাজ্য পুলিশ বা গোয়েন্দাদের সঙ্গে শেয়ার করা হয়।
এদিকে, এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সময়ের আলো/কেএইচও