প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:২৫ এএম আপডেট: ২০.০৪.২০২৬ ৬:১৭ পিএম
প্রতীকী ছবি দিনাজপুর শহরের একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর নিথর দেহ উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। ঘরের মেঝে পড়ে থাকা অবস্থায় তাদের দেহ উদ্ধার করা হয়। এর আগে বাড়িটিতে আগুন জ্বলছিল।
রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে শহরের আশ্রমপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকাবাসী বাড়িটিতে আগুন দেখতে পেয়ে তাদের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এরপর ঘরের মেঝে থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, একই এলাকার তপন রায় (৫০) ও তার স্ত্রী লতারাণী (৪২)।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে তপন রায়ের বাড়িতে আগুন দেখতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর তাদের ঘর তল্লাশি করলে ঘরের মেঝে থেকে তপন রায় ও তার স্ত্রী লতা রানীর মরদেহ উদ্ধার করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কিছু জানাতে পারেনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়। আর বাসায় আগুনের সূত্রপাত কীভাবে ও স্বামী স্ত্রী কিভাবে মারা গেলেন এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জোই