প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৫৪ পিএম
আবুল কাসেম। ছবি : সংগৃহীতচট্টগ্রামের পটিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে গুরুতর জখম করা এক ব্যবসায়ীর ছয় দিন পর মৃত্যু হয়েছে। নিহতের নাম আবুল কাসেম (৫৫)। তিনি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কামাল বাজার এলাকার সুপারি ব্যবসায়ী এবং আয়ুব আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, চিবাতলি গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকাল ৯টার দিকে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন বাধা দেন। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ এপ্রিল) সকাল ৬টার দিকে কাসেম মারা যান। আহত কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় (১৯ এপ্রিল) পটিয়া থানায় ইকবালকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
নিহতের ছোট ভাই আবুল ফয়েজ অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে এবং অভিযুক্ত ইকবালের বিরুদ্ধে আগেও হত্যা মামলা রয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, পূর্বে দায়ের করা মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তর করা হবে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
সময়ের আলো/জোই