বিভিন্ন রোগে হরমোনের ব্যাপক প্রভাব রয়েছে, তাই হরমোনজনিত জটিল রোগের আগাম শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার উপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলেন, জীবনের প্রতিটি পর্যায়ে হরমোনের গুরুত্ব অপরিসীম। তাই মানবদেহের স্বাভাবিক কার্যক্রম ও সুস্থ জীবনের জন্য হরমোনের সঠিক ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
সোমবার (২০ এপ্রিল) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউতে) এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত ‘ওয়ার্ল্ড হরমোন ডে ২০২৬’ শীর্ষক এক সেমিনার চিকিৎসকরা এসব কথা বলা হয়। বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক ডা. শারমিন জাহান। ‘এন্ডোক্রাইন জেমস: লেশনস ফ্রম মোস্ট চ্যালেঞ্জিং কেসেস’ শীর্ষক উপস্থাপনায় তিনি হরমোনজনিত জটিল রোগ নির্ণয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, মানবদেহের বিভিন্ন সিস্টেম, অঙ্গপ্রত্যঙ্গে হরমোনের গভীর প্রভাব রয়েছে এবং অনেক রোগও এই হরমোন দ্বারা বিশেষভাবে প্রভাবিত। চিকিৎসকদের নিত্যদিনের ক্লিনিক্যাল প্র্যাকটিসে এটা মোকাবিলা করতে হয়। এ কারণে হরমোনের বিষয়ে জনসাধারণ এবং চিকিৎসক সকলেরই আরো জ্ঞান অর্জনসহ সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।
আরও পড়ুন
এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুসরাত সুলতানা তার ‘হরমোন ম্যাটারস: এন্ডোক্রাইন হেলথ অ্যাক্রস দ্য লাইফস্প্যান’ উপস্থাপনায় বলেন, মানুষের বৃদ্ধি, বুদ্ধিমত্তা, বিপাকক্রিয়া, বংশবৃদ্ধি ও সকল কাজ সুচারুরূপে সম্পাদনের জন্য প্রয়োজন হরমোনের সঠিক ভারসাম্য। যদি হরমোন ভারসাম্যহীন হয়ে যায়, শরীরবৃত্তীয় কাজ সঠিকভাবে হবে না।
হরমোনজনিত উল্লেখযোগ্য রোগগুলো হলো ডায়াবেটিস, থাইরয়েড, উচ্চতাজনিত সমস্যা, বন্ধ্যাত্ব, বয়ঃসন্ধির বিভিন্ন সমস্যা। তাই রোগ মুক্ত থাকাসহ সুস্থ জীবনের জন্য হরমোনের সঠিক ভারসাম্য নিশ্চিত করা জরুরি।
সভায় চিকিৎসকরা বলেন, মানবদেহে হরমোনের প্রভাব ব্যাপক। ভারসাম্যপূর্ণ হরমোন নিশ্চিত করতে সঠিক জীবন-যাপন অপরিহার্য। হরমোনজনিত রোগসমূহ আগেভাগে নির্ণয় করে যথাযথ চিকিৎসাসেবা প্রদান করতে হবে। হরমোনের বিষয়টি মানুষের জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত মানবদেহ, মানুষের জীবনের সাথে গভীরভাবে প্রভাবিত। মানবদেহের সঠিক ক্রিয়াকলাপ নিশ্চিত করতে ভারসাম্যপূর্ণ হরমোন বজায় রাখার কোনো বিকল্প নাই।
সেন্ট্রাল সেমিনার সাব কমিটির সভাপতি ও ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছার সভাপতিত্বে এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. খালেদ মাহাবুব মুর্শেদ (মামুন) এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপিকা ডা. মো. নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. সৈয়দ আকরাম হোসেন, নিওন্যাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল মান্নানসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, চিকিৎসক ও রেসিডেন্টবৃন্দ।
এএডি/