নিজের পৈতৃক ভিটা আর শেকড়ের টানে দীর্ঘ সময় পর বগুড়ায় পা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হওয়ার পর এটিই তার প্রথম বগুড়া সফর। আর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের এই জনপদে বইছে উৎসবের আমেজ।
সোমবার (২০ এপ্রিল) শাজাহানপুরে এক আবেগঘন দৃশ্যের অবতারণা হয়, যা উপস্থিত সবার নজর কেড়েছে।
সোমবার বিকেলে গাবতলীর বাগবাড়িতে নিজ পৈতৃক নিবাসের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দীর্ঘ যাত্রাপথের দুইপাশে প্রিয় নেতা তথা এলাকার সন্তানকে এক নজর দেখার জন্য ভিড় জমান হাজারো মানুষ। পুষ্পবৃষ্টি আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। তবে সবচেয়ে বড় চমক ছিল শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায়। সেখানে এক শিশু পরম মমতায় তার প্রিয় নেতার জন্য তৈরি করে আনা একটি টাকার মালা বাড়িয়ে দেয়।
আরও পড়ুন
গাড়িবহর থামিয়ে প্রধানমন্ত্রী শিশুটির হাত থেকে সেই টাকার মালাটি গ্রহণ করেন। তবে তিনি সেটি নিজের কাছে না রেখে উল্টো শিশুটির গলায় পরম স্নেহে পরিয়ে দেন। শুধু তাই নয়, পাশে থাকা অন্য এক শিশুর মাথায় হাত বুলিয়ে স্নেহের পরশ দেন তিনি। নেতার এমন অমায়িক আচরণে আপ্লুত হয়ে পড়ে উপস্থিত জনতা।
‘আপনাদেরই সন্তান আমি’
দীর্ঘ বিরতির পর নিজ এলাকায় ফিরতে পেরে আবেগপ্রবণ হয়ে পড়েন তারেক রহমান। বাসের ওপর থেকে জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। বহু বছর পর আবারও নিজের এলাকায় ফিরে এলাম। আপনারা দোয়া না করলে কে করবে? নিজ ঘরের মানুষের জন্য দোয়া করবেন যেন সবার মঙ্গলে কাজ করতে পারি।’
আগামীতে আরও সময় নিয়ে আবারও বগুড়া আসার প্রতিশ্রুতি দিয়ে তিনি তার পৈতৃক ভিটার দিকে রওনা হন।
এএডি/