জুলাই গণ-অভ্যুত্থানের রক্তস্নাত ইতিহাস এবার আইনসভার অন্দরেও জায়গা করে নিতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। এই তালিকার সবচেয়ে চমকপ্রদ এবং সংবেদনশীল নাম- বিপ্লবে শহিদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ১৩ সদস্যের এই তালিকা প্রকাশ করে ১১ দলীয় জোট। সংশ্লিষ্টরা মনে করছেন, শহিদ শিশু জাবিরের মাকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রকাশ করল এই রাজনৈতিক শক্তি।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত জোট ৭৭টি আসনে জয়ী হওয়ায় আনুপাতিক হারে তারা ১৩টি সংরক্ষিত নারী আসন পেয়েছে। জোটের চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া প্রার্থীরা হলেন:
আরও পড়ুন
জামায়াতে ইসলামী (৮ জন): নুরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, অধ্যাপক মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম ও ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ।
শরিক দল ও বিশেষ কোটা (৫ জন): শহিদ জননী রোকেয়া বেগম ছাড়াও শরিক দলগুলো থেকে রয়েছেন তাসমিয়া প্রধান (জাগপা), মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু (এনসিপি) এবং মাহবুবা হাকিম (বাংলাদেশ খেলাফত মজলিস)।
সংসদে নারী আসনের মোট ৫০টি পদের মধ্যে প্রধান দল বিএনপি পাচ্ছে ৩৬টি আসন। অবশিষ্ট ১৩টি আসনে জামায়াত জোটের এই প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। জোট সূত্রে জানা গেছে, আগামী কয়েক দিনের মধ্যেই প্রথাগত প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকাটি নির্বাচন কমিশনে (ইসি) দাখিল করা হবে।
বিপ্লব-পরবর্তী বাংলাদেশে কোনো শহিদ পরিবারের সদস্যকে সরাসরি সংসদীয় রাজনীতিতে যুক্ত করার এই পদক্ষেপটি রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি তাৎপর্যপূর্ণ উদাহরণ হতে যাচ্ছে।
এএডি/