কার্টুন শেয়ার করা কারণে গ্রেফতারকৃত এক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবিতে মানববন্ধন করেছ জাতীয় ছাত্রশক্তি।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে এগারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, হাসান নাসিমকে যে মামলায় তুলে নিয়ে যাওয়া হয়, তার ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার দেখানোর কথা। কিন্তু তার ভাই ডিবি অফিসে গেলেও তার সাথে কেউ কথা বলেনি। তার জামিন মঞ্জুর করা হয়নি।
তিনি বলেন, এখানে দাঁড়িয়ে আমার লেখক মুস্তাক, কার্টুনিস্ট আহমেদ কিশোরের কথা মনে পড়ছে। আমরা তাদের ভুলে যাইনি। হাসিনা সরকার লেখক মুস্তাককে বাসা থেকে তুলে গুম করেছিল। আমাদের লেখক মুস্তাকের কথা তখন মনে পড়েছে, যখন হাসান নাসিমকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা কিশোরকে স্মরণ করেছি, যখন হাসান নাসিমকে জেলে বন্দি করা হয়েছে। এ সময় তিনি দাবি হাসান নাসিমের নিঃশর্ত মুক্তির দাবি করেন ।
আরও পড়ুন
সংগঠনটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খান তালাত রাফি বলেন, হাসিনার তৈরি করা ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ব্যবহার করে হাসিনার সরকার ফ্যাসিবাদ কায়েম করেছিল, জনগণের কণ্ঠরোধ করেছিল। এখন বিএনপি সরকার ক্ষমতায় এসে খুনি হাসিনার তৈরি করা আইন ব্যবহার করে জনগণের বাকস্বাধীনতা হরণ করছে।
তিনি বিএনপি সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা সরকার গঠনের দুই মাসের মাথায় বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ নানা সংকটের মুখোমুখি বাংলাদেশের মানুষ। হাসিনা হওয়ার যে মিশনে আপনারা নেমেছেন, তা ছাড়াও এই দেশের মানুষের জন্য অনেক কাজ রয়েছে; সেগুলো নিয়ে আপনারা সংসদে কথা বলেন। আপনারা হাসিনা হয়ে উঠতে চাইলেও, আমরা আপনাদের হাসিনা হয়ে উঠতে দেব না।
এ সময় মানববন্ধনে নেতাকর্মীদের হাতে ‘কথা চলবে, কলম চলবে’, ‘বলে যাবো, লড়ে যাবো’ সহ নানা স্লোগান সম্বলিত ফেস্টুন দেখা যায়।
এএডি/