চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম মিস্ত্রি (৫৫) নামে এক রেল কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২১ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার গোড়ামারা গ্রামের মৃত আমীর হোসেনের পুত্র। বর্তমানে তিনি সীতাকুণ্ডের রেলগেইট এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, সকালে বাড়বকুণ্ড রেল স্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ঢাকামুখী একটি ট্রেনের নিচে কাটা পড়েন রফিকুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সংশ্লিষ্ট রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, নিহতের পকেটে থাকা পরিচয়পত্র ও তথ্যের ভিত্তিতে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
এ ঘটনায় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, সীতাকুণ্ডের বিভিন্ন রেলক্রসিং ও স্টেশন এলাকায় সাধারণ মানুষের অসতর্ক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ ধরনের দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।
সময়ের আলো/জোই