গাইবান্ধা শহরে অতিরিক্ত দামে ভোজ্য তেল বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পচা তেল মজুদ রাখার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) পরিচালিত এ অভিযানে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিপুল পরিমাণ নষ্ট তেল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সিপিসি-৩ গাইবান্ধা, র্যাব-১৩ রংপুর এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাইবান্ধা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা গেছে, শহরের ব্রিজ রোড এলাকায় অবস্থিত ‘মেসার্স কাজল ট্রেডার্স’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করে।
পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পূর্বপাড়া এলাকায় ‘মেসার্স হক এন্টারপ্রাইজ’-এর গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও পচা তেল মজুদ থাকার প্রমাণ মেলে। উদ্ধারকৃত তেল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।
সময়ের আলো/জোই