মেহেরপুরের মুজিবনগরে নাসিম রেজা (২৩) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার রামনগর নাইট স্কুল পাড়ায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নাসিম একই এলাকার তৌফিক আলীর ছেলে এবং মেহেরপুর পৌর ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তবে মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, কোনো কারণ ছাড়াই কেন এমন ঘটনা ঘটলো তা নিয়ে তারা রয়েছেন ধোঁয়াশায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে খাওয়া-দাওয়া শেষ করে অন্য পাড়া থেকে ঘুরে এসে মাঠে যাওয়ার জন্য রশি খুঁজছিল নাসিম। রশি নিয়ে সে পরিবারের লোকজনের অগোচরে নিজ কক্ষে প্রবেশ করে। তার দাদি পাশের বাড়ি থেকে ফিরে এসে দেখে নাসিমের ঘরে দরজা লাগানো এবং লাইট জ্বলছে। নাসিম ঘরে আছে ভেবে তিনি ডাকাডাকি শুরু করেন। ভিতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার ফাঁক দিয়ে ঘরের মধ্যে তাকিয়ে নাসিমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে নাসিমকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কোন অভিযোগ না থাকায় মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সময়ের আলো/জোই