নারী আসনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। মনোনয়নপত্র

2026-04-22T00:48:54+00:00
2026-04-22T00:48:54+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
নারী আসনে ৫৩ জনের মনোনয়নপত্র দাখিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১২:৪৮ এএম 
সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনের নির্ধারিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার। গতকাল শেষ দিন পর্যন্ত বিভিন্ন দল, জোট ও ব্যক্তিগতভাবে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান।

মঙ্গলবার ইসি ভবনে সাংবাদিকদের তিনি বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের যারা প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল বিকাল ৪টায় শেষ হয়েছে। আমরা এখানে বিএনপি ও জোট থেকে ৩৬টা মনোনয়নপত্র পেয়েছি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টা মনোনয়নপত্র পেয়েছি। এ ছাড়া স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। তার নাম হচ্ছে মিস সুলতানা জেসমিন। আর এর বাইরে আমরা তিনজনের মনোনয়নপত্র পেয়েছি শামমা আক্তার, মোছাম্মদ মেহরুন নেসা ও মাহবুবা রহমান। এই তিনজন আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি। তারা নিজেদের মতো করে জমা দিয়েছেন। এটা আমরা যখন বাছাই করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব।

মঈন উদ্দীন খান বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল দুপুর ২টা থেকে বিকাল ৪টা, ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাছাই হবে। এরপর বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে কমিশনের কাছে। এটা হচ্ছে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮ এপ্রিল। এটা হবে বেলা ১১টা থেকে শেষ না হওয়া পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

একটা প্রশ্ন সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচনে যখন ভোট হয় সেই প্রার্থীর যোগ্যতা, অযোগ্যতা এবং সংরক্ষিত নারী আসনে একই কি না এবং কেউ যদি সরকারি কোনো পদে থাকেন বা সরকারি যদি কোনো কর্মকর্তা হন কতদিন পর সে নির্বাচন করতে পারবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ডকুমেন্ট দেখে ডিসিশন দেব। মনোনয়নপত্র আমরা যাচাই-বাছাই করব। নিয়মটা কী এমন প্রশ্নের জবাবে মঈন উদ্দীন খান বলেন, এটা নিয়ম হচ্ছে মনোনয়নপত্র দেখতে হয়, মনোনয়নপত্র দেখে তারপর ডিসিশন দিতে হয়। 

বিধিটা কী, আইনটা কী এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিওতে) যেভাবে বলা আছে এখানে সেটাই প্রযোজ্য। অন্য এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, ২২ এপ্রিল জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের মনোনয়নপত্র বাছাই হবে। পরের দিন বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই হবে।

আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের প্রাপ্ত আসন অনুযায়ী সংরক্ষিত ৫০টি আসন বিভিন্ন দল ও জোটের মধ্যে আনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হয়। এবার বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্রদের মোর্চা একটি আসন পাচ্ছে। প্রার্থীর সংখ্যা বেশি না হলে সাধারণত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে থাকেন।

ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে প্রাপ্ত আসনের অনুপাতে দলগুলো সংরক্ষিত নারী আসন পাবে। সেই হিসাবে ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পেয়েছে ৩৬টি আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের মোর্চা একটি আসন পেয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, যদি কোনো জোট নির্ধারিত আসনের বিপরীতে একাধিক প্রার্থী না দেয়, তা হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। ইতিমধ্যে বিএনপি জোট ৩৬ জনকে মনোনয়ন দিয়েছে এবং জামায়াত জোটও ১৩ জনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। সবকিছু ঠিক থাকলে এবং কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকলে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়ের পরই সংশ্লিষ্ট প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

নারী প্রার্থীরা গণতন্ত্র উত্তরণে কাজ করবেন : সেলিমা রহমান

এদিকে মঙ্গলবার নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, এই মনোনয়নটি অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। আমরা আশা করি নারী প্রার্থীরা গণতন্ত্রের উত্তরণে কাজ করবেন।

তিনি বলেন, আমি মনে করি এই মনোনয়নটি অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে দেওয়া হয়েছে। এখানে প্রবীণ ও নবীনের যে সমন্বয় হয়েছে, আমরা আশা করি তারা সংসদে ঠিক সেই রকম ভূমিকা রাখতে পারবেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে আমরা সবাই আসতে পেরে আজ ধন্য। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্রের উত্তরণে ও বাংলাদেশকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করবে এবং আমরাও কাজ করব।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আমিরের স্ত্রীকে মনোনয়ন না দেওয়ার কারণ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার নির্বাচন ভবনে জামায়াত জোটের মনোনয়নপত্র জমা দেওয়ার পর জোটের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বলেন, জামায়াতে এক পরিবারে দুই সংসদ সদস্যের নীতি না থাকায় আমিরের সহধর্মিণীকে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দেওয়া হয়নি। এই জায়গা শহিদ পরিবারের মাকে মনোনয়ন দেওয়া হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সমাজে বিভিন্ন বিষয়ে অবদান রাখাদের মনোনয়ন দেওয়া হয়েছে। 

হামিদুর রহমান আযাদ বলেন, নারীরা স্বয়ংসম্পূর্ণ হয়ে নারীদের প্রতিনিধিত্ব করে ভালো কিছু বয়ে আনবেন। বিরোধীদলের আসনে বসে জনকল্যাণ এবং দেশের স্বার্থে কাজ করবেন। সরকার কোনো প্রকার ভুল বা জনবিরোধী সিদ্ধান্ত নিলে তারা সেখানে ভূমিকা পালন করবেন। সংসদে প্রতিনিধিত্ব করা জামায়াত জোটের ৭৭ জনের সঙ্গে ১৩ জন সংরক্ষিত নারী প্রতিনিধি সংসদে ভূমিকা রাখবেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত জোটের ১৩টি আসনের মধ্যে জামায়াত ৮টি, জোট শরিকদের জন্য বাকি ৫টি আসন ভাগ করা হয়েছে। জাগপার একজনকে নমিনেশন দেওয়া হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস সংসদে ২টি আসন পেলেও তাদের সংরক্ষিত নারী আসন ১টিতে নমিনেশন দেওয়া হয়েছে। বাকি আসনে এনসিপির প্রতিনিধিদের দেওয়া হয়েছে। হামিদুর রহমান আযাদ বলেন, মনোনয়নপত্র জমা দেওয়া ১৩ জনের বাইরে কেউ নেই। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে তারাই সংসদে যাবেন বলে আশাবাদী।

এনসিপির প্রার্থী মুনিরা শারমিন সরকারি চাকরি থেকে অবসরের তিন বছর পার না হলে প্রার্থী হতে পারবেন না বলে আলোচনার বিষয়ে তিনি বলেন, এ জন্য মনোনয়নপত্র বাতিল হবে না বলে আশা করি।


  বিষয়:   নির্বাচন  কমিশন  তফসিল  জাতীয়  সংসদ  সংরক্ষিত  নারী  আসন 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: