প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে চাঁদাবাজির এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো. রাকিব (২১)।
বুধবার (২২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-৩ কোম্পানির কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।
এর আগে, গতকাল সোমবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের পূর্ব বাজারের পোস্ট অফিস সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রাকিব রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, ঢাকার কামরাঙ্গীরচরে একটি কারখানায় কর্মরত অবস্থায় রাকিবের সঙ্গে এক গৃহবধূর পরিচয় হয়। কাজের সুবাদে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে রাকিব। পাশাপাশি গোপনে ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করে।
পরবর্তীতে ওই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করা শুরু করে রাকিব। এমনকি ভুক্তভোগীর প্রবাসী স্বামীর কাছেও ভিডিওটি পাঠিয়ে দেয় সে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এ পর্যন্ত মোট ৩ লাখ ৪৭ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত রাকিব। সম্প্রতি সে আরও ২ লাখ টাকা দাবি করলে ভুক্তভোগী নারীর পরিবার আইনের আশ্রয় নেয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, ভুক্তভোগী পরিবার ঢাকার কামরাঙ্গীরচর থানায় মামলা করলে র্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নোয়াখালীর সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এফআর