‘গুপ্ত’ নিয়ে উত্তপ্ত সংসদ

সংসদ প্রতিবেদক

জাতীয়

‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে চট্টগ্রামে সংঘর্ষ হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।

2026-04-22T21:30:58+00:00
2026-04-22T21:30:58+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
‘গুপ্ত’ নিয়ে উত্তপ্ত সংসদ
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:৩০ পিএম 
বুধবার ‘গুপ্ত’ কথাটি নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদের অধিবেশন। ছবি : সংগৃহীত
‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে চট্টগ্রামে সংঘর্ষ হওয়ার পর থেকে বিষয়টি নিয়ে উত্তাল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। বুধবার (২২ এপ্রিল) এই ‘গুপ্ত’ কথাটি নিয়ে কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদের অধিবেশন। বিষয়টি নিয়ে সরকারি দলের একজন সংসদ সসদ্যের বক্তব্যের সময় বিরোধী দলীয় সদস্যরা হইচই করতে থাকেন।

বুধবার স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সরকার দলীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভুঁঞা বলেন, সরকারকে নাজেহাল করতে চক্রান্ত চালাচ্ছে বিরোধী দল। ৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে তারা মেনে নিতে পারেনি। যারা ৭১ সালের স্বাধীনতাকে মেনে নিতে পারে না, তারা বাংলাদেশের উন্নয়ন চাইতে পারে না। ৭১ সালের জন্ম হওয়া বাংলাদেশকে তারা মেনে নিতে পারে নাই বলে আজকে সদ্যজাত সরকারের বিরুদ্ধে কাজ করছে।

স্পিকারে উদ্দেশে তিনি বলেন, চট্টগ্রামে মঙ্গলবার সিটি কলেজে ছাত্রদলের ওপর হামলা করেছে কারা? শিবির। কী অপরাধ ছিল ছাত্রদলের? ছাত্রদল শুধু বলেছে, গুপ্ত। ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা গুপ্ত শব্দকে উল্লেখ করে ছাত্রদলের ওপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের ওপর আঘাত করেছে। আজকে আমাদের বিরোধী দলের ভাইয়েরা ক্ষেপে উঠেছেন, এই সংসদে গণতান্ত্রিকভাবে কথা বলার অধিকার দিতে চায় না। চট্টগ্রামের ছাত্রদল কী কথা বলেছে, গুপ্ত বলেছে। এই সংসদে আমরা নির্বাচিত হয়ে আসছি কথা বলার জন্য। বিরোধী দলের ভাইয়েরা আজকে কণ্ঠ চিপে ধরতে চায় ফ্যাসিস্টের মত।

তিনি বলেন, বিরোধী দলের সংসদ সদস্যরা যে আচরণ দেখাচ্ছে, এতে মনে হচ্ছে, বাংলাদেশে আগামী দিনে সুষ্ঠ ধারার রাজনীতি তারা করতে দেবে না, এটাই প্রতিয়মান হচ্ছে। বিরোধী দলকে আমি এটাও বলে দিতে চাই, আমাদেরকে যারা ভোট দিয়েছে তারা আঙ্গুল চুষবে না, বসে থাকবে না। আমাদের ভোটাররা তাকিয়ে থাকবে না, তারা প্রতিবাদ করবে। আজ এসব কথা বলেন তিনি।

এ সময় হইচই শুরু করেন বিরোধী দলীয় সদস্যরা। তারা ওই বক্তব্যের প্রতিবাদ জানাতে থাকেন। সরকার দলীয় সংসদ সদস্যরাও পাল্টা টেবিল চাপড়ে ওই সংসদ সদস্যকে সমর্থন জানান। এ নিয়ে উত্তেজনা চলাকালে সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার জন্য স্পিকারকে বারবার আহ্বান জানাতে শোনা যায়।

এ সময় সংসদ সদস্যদের উদ্দেশ্যে স্পিকার বলেন, রাজনৈতিক দলের বিভিন্ন দলের বিভিন্ন মতাদর্শ থাকতে পারে, তাদের কথাবার্তার সবাই সবটাই পছন্দ হবে, এমন কোন বিষয় নয়। আপনারা বক্তব্যের মাধ্যমে জবাব দিবেন। বক্তব্যের সময় কাউকে অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না।


এরপর বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বলেন, প্রথমে আমি তীব্র প্রতিবাদ জানাই। এখানে যে অসংসদীয় ভাষা ব্যবহার করা হয়েছে, এটা এক্সপাঞ্জ করা হোক। একজন সংসদ সদস্য সংসদের ভিতরে দাঁড়িয়ে যে হুমকির ভাষায় কথা বললেন, আমরা এতে আঘাত পেয়েছি। আমরা আমাদের ক্ষোভ প্রকাশ করছি। জনগণ বসে থাকবে না মানে কী? তিনি কি জনগণকে বিশৃঙ্খলার দিকে উসকাইয়া দিচ্ছেন? এগুলো সংসদীয় আচরণ না বলেও মন্তব্য করেন তিনি।

জবাবে স্পিকার বলেন, আমরা পরীক্ষা করে দেখবো, যদি কোন অসংসদীয় ভাষা থাকে, সেটা এক্সপাঞ্জ করব। তবে যেসব বক্তব্য এসেছে, এটা তো বাংলাদেশের রাজনীতির ভাষা। আমরা চুপ করে থাকব না। এইগুলো তো শত বছর ধরে রাজনীতিবিদরা বলে এসেছেন। আপনারা বক্তৃতার সময় এর জবাব দিবেন, কিন্তু বক্তব্য চলাকালে অনুগ্রহ করে ডিস্টার্ব করবেন না। পরে বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল বারী সর্দারকে কথা বলার আহ্বান জানান স্পিকার।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   গুপ্ত  রাজনীতি  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: