ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভুয়া ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ এবং প্রত্যয়নপত্র তৈরি ও বিক্রির দায়ে দুই কম্পিউটার দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বিপুল পরিমাণ সন্দেহজনক সনদ জব্দ করা হয়।
বুধবার (২২ এপ্রিল) কসবা সুপার মার্কেটে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
অভিযানকালে কিছু দোকানে কসবা পৌরসভার প্রশাসক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের স্বাক্ষরিত ও ব্ল্যাঙ্ক (নাম-ঠিকানাবিহীন, তবে স্মারক নম্বর ও তারিখযুক্ত) ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্র মজুদ পাওয়া যায়। এসব কাগজপত্র পরবর্তীতে জালিয়াতির কাজে ব্যবহৃত হয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে।
এসময় ভুয়া সনদ তৈরি ও বিক্রির দায়ে মার্কেটের ব্রাদার্স কম্পিউটারকে ২০ হাজার টাকা এবং সাইফুল এন্ড রাকিব কম্পিউটারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বলেন, ভুয়া সনদ তৈরি ও বিক্রির দায়ে দুই কম্পিউটার দোকানিকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
এফআর