পঞ্জাবি ভাষায় পপ গানের জনপ্রিয় সংগীতশিল্পী জেসমিন স্যান্ডলাস। সালমান খানের সিনেমা ‘কিক’ এর ‘ইয়ার না মিলে’ গানের মাধ্যমে পরিচিতি পান তিনি। সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমার একাধিক গানে কণ্ঠ দেওয়ার পর ফের আলোচনায় উঠে এসেছেন জেসমিন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের কঠিন সময়ের কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে তিনি জানান, মাত্র ২৩ বছর বয়সে জীবনের চাপ ও একাকীত্ব থেকে মদ্যপানে জড়িয়ে পড়েন। তার ভাষ্যে, ‘যতটা পান করা উচিত ছিল, তার চেয়েও বেশি করেছি।’
ক্যারিয়ারের এ সাফলতার মাঝেও ব্যক্তিগত জীবনের টানাপোড়েন, বাবার মৃত্যু ও পারিবারিক ভাঙন তাকে মানসিকভাবে ভেঙে দেয়। সে সময় মদ্যপানই যেন তার আশ্রয় হয়ে উঠেছিল। পরে তিনি বুঝতে পারেন, এটি তাকে আরও একা করে দিচ্ছে।
এ সংগীতশিল্পীর জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় তার পরিবারের সংগ্রাম। ছোটবেলায় বাবার সঙ্গে যুক্তরাষ্ট্র পাড়ি জমান তিনি। প্রথমদিকে নিউইয়র্কে অত্যন্ত কষ্টে দিন কাটাতে হয়েছে তাদের। ছয়জনের পরিবার এক বেডরুমের ছোট্ট ফ্ল্যাটে থাকতেন, রেশন দোকানের খাবারেই চলত সংসার। ইংরেজি ভাষা না জানায় মানিয়ে নেওয়াও ছিল কঠিন।
ভারতে প্রতিষ্ঠিত পেশাজীবী হলেও আমেরিকায় গিয়ে নতুন করে জীবন শুরু করতে হয় তার বাবাকে। গ্যাস স্টেশনে কাজ করা থেকে শুরু করে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি।
জেসমিন বলেন, সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য বাবা নিজের সবকিছু ত্যাগ করেছিলেন। অন্যদিকে মাও শ্রমজীবী কাজ করে সংসার সামলেছেন। পরবর্তীতে ক্যালিফোর্নিয়াতে যাওয়ার পর কিছুটা স্বস্তি আসে। সেখানে আদালতে দোভাষীর কাজ পান বাবা, আর ধীরে ধীরে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে।
বর্তমানে নিজেকে বদলে তিনি নতুন জীবন শুরু করেছেন বলে জানান। তার মতে, পরিবার পাশে থাকলে যেকোনো কঠিন সময় পার হওয়া সম্ভব।
সময়ের আলো/কেএইচও