ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ছাত্রদলের দেয়াল লিখনে ছাত্রশিবিরের এক নেতা বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে হলে বিক্ষোভ করে বিজয় একাত্তর হল ছাত্রদল।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যার পর এই বিক্ষোভ মিছিল হয়।
ছাত্রদলের বিজয় একাত্তর হলের কর্মী আহমদে শাহরিয়ার নীড় বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলের মতো তারাও বিজয় একাত্তর হলে ‘ছাত্রশিবির গুপ্ত’সহ একাধিক স্লোগান দেয়াল লিখেছেন। পরে তিনি সেগুলোর ছবি তোলেন।
হল সংসদের বাইরের দেয়ালের ছবি তোলার সময় হলের পাঠকক্ষ সম্পাদক ও ছাত্রশিবিরের সাথী তারেক রহমান সাকিব তাকে বাধা দেন। তিনি ছবি তুলতে নিষেধ করেন এবং তার ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় তিনি ছাত্রদল নেতাদের নামে গালাগাল করেন বলেও অভিযোগ করেন তিনি।
তবে তারেক রহমান সাকিবের মতে তিনি হল সংসদের সামনে বাধা দিয়েছেন। তবে ফোন কেড়ে নেওয়ার চেষ্টা বা গালাগালি করেননি।
এ বিষয়ে হল সংসদের জিএস আশিক বিল্লাহ বলেন, ছেলেটি একটু স্যাটায়ার করে ভিডিও করছিল। সাকিব তা করতে নিষেধ করে। পরে বাকবিতণ্ডা হয়েছে।
সময়ের আলো/জেডআই