‘চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই’

সংসদ প্রতিবেদক

জাতীয়

চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশে নদ-নদীর

2026-04-22T22:44:27+00:00
2026-04-22T22:44:45+00:00
 
  মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
‘চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই’
সংসদ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১০:৪৪ পিএম  আপডেট: ২২.০৪.২০২৬ ১০:৪৪ পিএম
বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দেশে নদ-নদীর অবৈধ দখলদার ২১ হাজার ৯৮২ জন বলেও জানান তিনি।

বুধবার (২ এপ্রিল) সংসদে প্রশ্নোত্তরে আগামী বছরের শুরুতে পায়রা বন্দর পুরোপুরি চালুর আশাবাদ ব্যক্ত করেন নৌ পরিবহন মন্ত্রী।

লক্ষ্মীপুর-১ আসনের সরকারি দলের সদস্য মো. শাহাদাত হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথোরিটি (পিপিপিএ) অথবা সরকার কর্তৃক জারিকৃত অথবা অনুমোদনকৃত ক্ষেত্রে শুধুমাত্র বন্দরের টার্মিনাল পরিচালনার লক্ষ্যে অপারেটর নিয়োগ করা হয়। এক্ষেত্রে দেশি এবং বিদেশি উভয় ধরনের অপারেটর বিবেচনা যোগ্য।

তিনি বলেন, বর্তমানে বন্দরের আধুনিকায়ন এবং দেশের আমদানি রফতানি বাণিজ্যের অব্যাহত অগ্রগতির সাথে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি-বিদেশি অপারেটর দ্বারা বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করা হচ্ছে। যেমন বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) বিদেশি অপারেটর দ্বারা পরিচালনার দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া, কর্ণফুলি নদীর ডান তীরে লালদিয়া চর নামক স্থানে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য পিপিপি পদ্ধতিতে ডেনমার্কে মার্কস গ্রুপের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বিভি-এর সহিত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ প্রসঙ্গে আরও উল্লেখ্য যে, চট্টগ্রাম বন্দর একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ অনুযায়ী একজন চেয়ারম্যানের নেতৃত্বে বোর্ড এবং সংস্থার কর্মকর্তা/কর্মচারী দ্বারা পরিচালিত। উপরন্তু সরকার কর্তৃক সময় সময় যেসব নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয় তা সরকারি নির্দেশনামতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রতিপালন করে থাকে বলে মন্ত্রী উল্লেখ করেন।

এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান দেশে নদ-নদীর অবৈধ দখলদার ২১ হাজার ৯৮২ জন। এই তালিকা ওয়েবসাইটে প্রকাশ এবং উচ্ছেদ কর্মপরিকল্পনা পাঠাতে সব জেলা প্রশাসককে অনুরোধ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় বলছে, অবিলম্বে উচ্ছেদযোগ্য তালিকা পাওয়া সাপেক্ষে উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।

৩০ জেলায় মেডিকেল কলেজ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, বর্তমানে দেশের ৩৪টি জেলায় ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাকি ৩০ জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ নেই। এসব জেলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

বুধবার জাতীয় সংসদে সরকারদলীয় সংসদ সদস্য লুৎফুর রহমানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বলেন, ৩০ জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হবে। জেলাগুলো হল- নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বান্দরবান, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, বাগেরহাট, ঝিনাইদহ, নড়াইল, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, মৌলভীবাজার, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও শেরপুর। তবে মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর, নরসিংদী, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুর জেলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

চট্টগ্রাম-১২ আসনের সরকার দলীয় এমপি মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যক্ষ্মা বাংলাদেশের জন্য একটি অন্যতম মারাত্মক জনস্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, যক্ষ্মা রোগীর সংখ্যার আধিক্যে বাংলাদেশ অন্যতম। ১৯৯৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মাকে গ্লোবাল হেলথ ইমার্জেন্সি ঘোষণা করার পর থেকেই বাংলাদেশ সরকার যক্ষ্মার প্রকোপ নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দারিদ্র্য, অপুষ্টি, ধূমপান, ডায়াবেটিস, মেলিটাস, অতিরিক্ত জনসংখ্যার ঘনত্ব এবং সচেতনতার অভাবসহ বিভিন্ন কারণে যক্ষ্মা সংক্রমণ বৃদ্ধি পায়।

মন্ত্রী বলেন, যক্ষ্মা রোগের চিকিৎসা সেবা শনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ওষুধ ও ডায়াগনস্টিক সরঞ্জাম নিশ্চিতকরণের জন্য দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অনুদানের পাশাপাশি সরকারি অর্থায়ন বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ৩ হাজার ১৪২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ার কার্যক্রম চলমান আছে।

সরকারদলীয় এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিনিয়র স্টাফ নার্সের শূন্যপদ পূরণের লক্ষ্যে নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। গত ১৩ মার্চ মিডওয়াইফ পদ পূরণের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। অতিদ্রুতই নিয়োগ কার্যক্রম শেষ করে শূন্যপদগুলো পূরণ করা হবে।

এদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি হাসনাত আব্দুল্লাহর করা এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, কওমি মাদরাসার শিক্ষার্থীদের সনদের মান আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের সনদের মানের সমমান বিবেচনা করে প্রজ্ঞাপন জারি করা হলে তখন তাদের জন্য সরকারি চাকরি তথা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্ভব হবে।

সময়ের আলো/জেডআই
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: